মিসিসাগা (অন্টারিও), ২৪ সেপ্টেম্বর:
কানাডার অন্টারিও প্রদেশের মিসিসাগায় অবস্থিত দ্য ইন্টারন্যাশনাল সেন্টারে গতকাল ২৩ সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী Apparel Textile Sourcing Canada (ATSC) 2026। আন্তর্জাতিক অ্যাপারেল ও টেক্সটাইল খাতের এই বাণিজ্য প্রদর্শনী আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
JP Communications Inc কর্তৃক আয়োজিত ও প্রযোজিত এবারের ATSC 2026-এ বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর আর্থিক সহায়তায় বাংলাদেশের ১৩টি স্বনামধন্য তৈরি পোশাক ও টেক্সটাইল প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। Canadian Apparel Federation (CAF) এ প্রদর্শনীর Official National Partner হিসেবে যুক্ত রয়েছে।
২৩ সেপ্টেম্বর বাংলাদেশ প্যাভিলিয়নের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশন, অটোয়ার প্রথম সচিব (বাণিজ্যিক) সাখাওয়াত হোসেন এবং বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তা ও বাণিজ্য প্রতিনিধিরা ।
বাংলাদেশ প্যাভিলিয়নে দেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের বিভিন্ন পণ্য প্রদর্শনের পাশাপাশি রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং বাংলাদেশ হাইকমিশন, অটোয়ার যৌথ উদ্যোগে স্থাপিত পৃথক বুথে বাংলাদেশের বিভিন্ন রপ্তানিযোগ্য পণ্যের প্রচারমূলক ব্রোশিওর ও তথ্যসামগ্রী প্রদর্শন করা হচ্ছে। এর মাধ্যমে কানাডার আমদানিকারক, ক্রেতা ও ব্যবসায়ী প্রতিনিধিদের কাছে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা এবং বহুমুখী রপ্তানি পণ্যের সম্ভাবনা তুলে ধরা হচ্ছে।
এবারের আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের ১২টি দেশ থেকে প্রায় ১০ হাজার বাণিজ্য দর্শনার্থী ও ক্রেতার অংশগ্রহণের কথা রয়েছে। ১০০টিরও বেশি বুথে প্রায় ২৫০টি আন্তর্জাতিক কোম্পানি তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। এবারের ATSC 2026-এর অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে অ্যাপারেল ও টেক্সটাইল শিল্পে সর্বাধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী পণ্য এবং টেকসই উপকরণের ব্যবহার।
মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশের ১৩টি প্রতিষ্ঠান হলো- DK Global Fashion Wear Ltd., Gatsby Group, Aane Tex BD Ltd., Knit Fair Ltd., Fiat Fashion Limited, Warptex Bangladesh, Ducati Apparels Ltd., Ashraf-ul Sweater (Pvt.) Ltd., NRN Knitting & Garments Ltd., Zero Yards International Limited, Elite Garments Industries Limited, S.I. Composite Ltd. এবং Amanah Apparels।
ATSC 2026-এ বাংলাদেশের অংশগ্রহণ কানাডার বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্যের পরিচিতি ও বাজার সম্প্রসারণ, নতুন ক্রেতা ও আমদানিকারকদের সঙ্গে ব্যবসায়িক সংযোগ স্থাপন এবং বাংলাদেশ-কানাডা দ্বিপাক্ষিক বাণিজ্য আরো সম্প্রসারণ ও বহুমুখীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
-ত.বি.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *