—পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

কক্সবাজার :

মাদক সমস্যা, সীমান্ত অপরাধ এবং শরণার্থীকেন্দ্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রেস, মিডিয়া ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের ওপর জোর দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু। একইসাথে কক্সবাজার ও পার্বত্য অঞ্চলের পারস্পরিক ভৌগোলিক ও সামাজিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি কক্সবাজারকে মাস্টারপ্ল্যান অনুযায়ী একটি আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আজ কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম একই সুতোয় গাঁথা। তিনি বলেন, কক্সবাজার ও বান্দরবানসহ দেশের পর্যটন খাতকে আরো এগিয়ে নিতে এবং পর্যটনকে দেশ-বিদেশে প্রমোট করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন। কক্সবাজারের সম্ভাবনাকে কাজে লাগিয়ে পর্যটনসহ বিভিন্ন খাতে উন্নয়নের সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, বর্তমানে জাতীয় সংসদে সবচেয়ে আলোচিত ও উদ্বেগের বিষয় হলো মাদক। সড়ক ও নৌপথে সীমান্ত পেরিয়ে যেভাবে দেশে মাদক প্রবেশ করছে, তাতে এ নীরব ঘাতক সারা দেশে ছড়িয়ে পড়ছে। এর থেকে মুক্ত হতে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বানে প্রতিটি পাড়া-মহল্লায় মাদক প্রতিরোধ কমিটি গঠন করা জরুরি।

রোহিঙ্গা শরণার্থী সংকট এবং সীমান্ত অপরাধ নিয়ে মন্ত্রী আরো বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি অংশ মাদক কারবারি, চোরাচালান, নারী ও অবৈধ অস্ত্র পাচারের মতো বিপজ্জনক অপরাধে জড়িয়ে পড়ছে। এসব সংকট নিরসনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাংবাদিকদের সাথে সমন্বয় করে একটি সুনির্দিষ্ট প্রেজেন্টেশন ও প্রস্তাবনা তৈরি করে প্রধানমন্ত্রীর কাছে পেশ করা যেতে পারে।

কক্সবাজারের পর্যটন ও সার্বিক উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, পরিকল্পিত মাস্টারপ্ল্যান বাস্তবায়নের মাধ্যমে কক্সবাজারকে বিশ্বমানের আধুনিক পর্যটন শহর হিসেবে রূপান্তর করা হবে। আমাদের লক্ষ্য পাহাড়ি বৈচিত্র্য ও সমুদ্রসৈকতের প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে একটি আকর্ষণীয় পর্যটন অঞ্চল গড়ে তোলা।

কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বান্দরবান সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম হেলালী, বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম জাফর, কক্সবাজার প্রেসক্লাবের সদস্য অ্যাডভোকেট আবু সিদ্দিক উসমানী এবং শামসুল হক শারেকসহ স্থানীয় জ্যেষ্ঠ সাংবাদিকবৃন্দ।

-ত.বি.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *