সারা দেশে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার যাত্রায় আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে ব্র্যাক হেলথকেয়ার। এর অংশ হিসেবে ঢাকার বাইরে প্রথম জেলা হিসেবে নোয়াখালীতে উদ্বোধন করা হয়েছে ব্র্যাক হেলথকেয়ারের নতুন শাখা।
আজ ১৫ অক্টোবর, বৃহস্পতিবার ব্র্যাক হেলথকেয়ারের পঞ্চম শাখার উদ্বোধন করেন ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ। সেন্টারটি মাইজদী কোর্টের প্রধান সড়কের নতুন বাসস্ট্যান্ডের ৫২৩ নম্বর ভবনে অবস্থিত।
এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক এন্টারপ্রাইজেসের ঊর্ধ্বতন পরিচালক ও ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান এবং ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডের প্রধান ড. তৌফিক হাসান সিদ্দিকী।
নোয়াখালীর এ শাখায় একই ছাদের নিচে মিলছে ফ্যামিলি ফিজিশিয়ান, ফার্স্ট এইড কেয়ার, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, হেলথ অ্যান্ড ওয়েলনেস, নিউট্রিশন, ফিজিওথেরাপি, মেন্টাল হেলথ কাউন্সেলিং, ডেন্টাল কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টার। সাশ্রয়ী মূল্যে আন্তরিক পরিবেশে স্বাস্থ্যসেবা দিতে চালু হওয়া এই সেন্টারটি এখন সবার জন্য উন্মুক্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে তামারা হাসান আবেদ বলেন, ‘স্বাস্থ্যসেবা হতে হবে সবার জন্য সহজলভ্য, সাধ্যের মধ্যে এবং মানবিক। এই বিশ্বাস থেকেই ২০২৩ সালে ব্র্যাক হেলথকেয়ারের যাত্রা শুরু। আমাদের জন্য এটি শুধু একটি নতুন সেন্টারের উদ্বোধন নয়, একটি নতুন অধ্যায়ের সূচনা। গত তিন বছরে আমরা যে সেবাদানের মডেল তৈরি করেছি এবং প্রতিনিয়ত উন্নত করেছি, আজ সেই মডেল ঢাকার বাইরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার যাত্রা শুরু হলো।’
তামারা হাসান আবেদ আরও বলেন, ‘আমাদের লক্ষ্য, একটি বিশ্বস্ত হেলথকেয়ার নেটওয়ার্ক গড়ে তোলা, যা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেবে সাশ্রয়ী, সহজলভ্য এবং মানবিক স্বাস্থ্যসেবা। এই পথচলায় আমরা নতুন নতুন শহরে পৌঁছাতে চাই, মানুষের প্রয়োজনের কথা শুনতে চাই এবং যে মানের স্বাস্থ্যসেবা পাওয়া তাদের অধিকার, সেই মানের সেবা দিতে চাই।’
ব্র্যাক এন্টারপ্রাইজেসের ঊর্ধ্বতন পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান বলেন, ‘ব্র‍্যাক হেলথকেয়ারে আমরা শুধু চিকিৎসাসেবাই প্রদান করি না; বরং আমাদের অন্তর থেকে, ভালোবাসা ও শ্রদ্ধাবোধের সঙ্গে সেই সেবা নিশ্চিত করার চেষ্টা করি। আমাদের প্রতিটি সেবার মূল লক্ষ্য থাকে রোগীর সুস্থতা। মানবিকতা দিয়ে মানুষের পাশে থেকে রোগী-কেন্দ্রিক সেবা প্রদান করতে এবং প্রতিটি পদক্ষেপে মমতা ও শ্রদ্ধার সংস্কৃতি গড়ে তুলতে আমাদের এই প্রচেষ্টা প্রতিনিয়ত অব্যাহত রয়েছে।’
নোয়াখালীতে হেলথকেয়ারের এই শাখায় গ্রাহকদের ন্যায্যমূল্যে মানসম্পন্ন ওষুধ দিতে রয়েছে আধুনিক মডেল ফার্মেসি। এসব সেবা ছাড়াও ব্র্যাক হেলথকেয়ারে টেলিমেডিসিন, বাড়ি থেকে নমুনা সংগ্রহ এবং সাশ্রয়ী মূল্যে গ্রাহকের বাড়িতে প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়ার সুবিধা রয়েছে।
সহানুভূতি ও সহমর্মিতা নিয়ে রোগী ও তার স্বজনদের পাশে থাকার প্রত্যয় নিয়ে ২০২৩ সালে ঢাকার মিরপুরে যাত্রা শুরু করে ব্র্যাক হেলথকেয়ার। পরবর্তীতে ঢাকার উত্তরা, সিদ্বেশ্বরী ও বাড্ডায় আরও তিনটি শাখার উদ্বোধন করা হয়।
মাত্র তিন বছরের কিছু বেশি সময়ে ব্র্যাক হেলথকেয়ার তাদের বর্তমান সেন্টারগুলোতে সাড়ে ৪ লাখের বেশি রোগীকে সেবা দিয়েছে। এর মধ্যে ৯৮ হাজারের বেশি রয়েছে ডাক্তার কনসালটেশন। যেখানে ব্র্যাক হেলথকেয়ারের সেবার প্রতি রোগীদের সন্তুষ্টির হার ৯১ শতাংশের বেশি।
বর্তমানে রোগীরা স্মার্টফোনে ব্র্যাক হেলথকেয়ার অ্যাপের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছেন। অ্যাপের মাধ্যমেই নিজেদের মেডিকেল হিস্ট্রি ট্র্যাক করাসহ অন্যান্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিতে পারছেন।
ব্র্যাক হেলথকেয়ার এবং এর সেবাসমূহ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন www.brachealthcare.com, ডাউনলোড করুন ব্র্যাক হেলথকেয়ার মোবাইল অ্যাপ অথবা কল করুন ০৯৬৭৮ ১৯১৯১১ বা ১০৬৪৬ নম্বরে।
-প্রেস রিলিজ

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *