নিউটার্ন বিনোদন ডেস্ক : মা-বাবা দুজনকেই হারিয়েছেন। তারপর থেকেই নিজের চেহারার মধ্যে তাঁদের ছাপ খুঁজে ফিরেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। বাবার সঙ্গে নিজের চোখের মিল খুঁজে পেলেও মায়ের সঙ্গে চেহারার মিল যেন অধরাই ছিল। অবশেষে ৪৫টি পুজা পেরিয়ে নিজের মুখের মধ্যে মায়ের প্রতিচ্ছবি খুঁজে পেলেন তিনি। আর সেই উপলব্ধিই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী।

ছোটবেলা থেকেই স্বস্তিকাকে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। বিশেষ করে তাঁর চোখ নিয়ে কৌতূহল ছিল অনেকের। বাবা-মায়ের চোখের সঙ্গে তাঁর চোখের মিল নেই কেন, এমন প্রশ্নও শুনতে হয়েছে তাঁকে। অথচ সন্তানের চেহারা কেমন হবে, তা তো তার নিজের হাতে নেই। তাই সন্তানকে বাবা-মায়ের কার মতো দেখতে, তা নিয়ে মানুষের অযথা কৌতূহল নিয়েও নিজের ভাবনা তুলে ধরেছেন অভিনেত্রী।

স্বস্তিকা জানিয়েছেন, ছোটবেলায় তিনি জানতেন, তাঁকে দেখতে বাবার মতো। তাঁর বাবা-মাও নাকি সেটাই মনে করতেন। অন্যদিকে, তাঁর বোন যেন মায়ের অবিকল প্রতিচ্ছবি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বোনের চেহারা, হাঁটাচলা ও শরীরী ভাষায় মায়ের ছাপ আরও স্পষ্ট হয়েছে। এমনকি রান্নার প্রতি আগ্রহ ও রান্নায় দক্ষতার ক্ষেত্রেও বোনের সঙ্গে মায়ের মিল খুঁজে পেয়েছেন তিনি।

মা-বাবাকে হারানোর পর নিজের মধ্যে তাঁদের অস্তিত্ব খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা আরও গভীর হয়েছে স্বস্তিকার। তাঁর মনে হতো, নিজের চেহারায় যেন বাবা ও মা—দুজনেরই ছাপ থাকে। বাবার চেনা চোখের সঙ্গে নিজের মিল খুঁজে পেলেও মায়ের মতো দেখতে হওয়ার অনুভূতিটি এত দিন অধরাই ছিল।

এবার দুর্গাপুজার এক সকালে তোলা নিজের কয়েকটি ছবি দেখতে গিয়ে হঠাৎই মায়ের সঙ্গে নিজের মুখের মিল খুঁজে পান অভিনেত্রী। সেই উপলব্ধি তাঁর কাছে হয়ে ওঠে বিশেষ আবেগের মুহূর্ত।

সামাজিক যোগাযোগমাধ্যমে স্বস্তিকা জানিয়েছেন, তাঁর বোনকে দেখলে মনে হয় মায়েরই ছোট সংস্করণ। সময়ের সঙ্গে সঙ্গে বোনের মধ্যে মায়ের ছাপ আরও স্পষ্ট হচ্ছে। অথচ নিজের ক্ষেত্রে মায়ের সঙ্গে চেহারার মিল খুঁজে পেতে তাঁকে অপেক্ষা করতে হয়েছে ৪৫টি পুজা।
নিউটার্ন/এআর

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *