এ সপ্তাহের তালিকায় রয়েছে ইমরান হাশমী, আয়ুষ্মান খুরানা, রবার্ট ডি নিরো, স্কারলেট জোহানসন এবং আরিয়ানা গ্রান্ডের মতো তারকাদের ছবি। ২৭ নভেম্বর কোন কোন ছবি মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে? বিনোদন ডেস্ক : নভেম্বরের শেষ সপ্তাহে বড় পর্দায় আসছে একগুচ্ছ নতুন ছবি। কোথাও প্রেমের টানাপড়েন, কোথাও বিপদের মুখে পরিবারের পাশে দাঁড়ানোর লড়াই, আবার কোথাও রহস্য আর অপরাধের অন্ধকার জগৎ। এ সপ্তাহের তালিকায় রয়েছে ইমরান হাশমী, আয়ুষ্মান খুরানা, রবার্ট ডি নিরো, স্কারলেট জোহানসন এবং আরিয়ানা গ্রান্ডের মতো তারকাদের ছবি। ২৭ নভেম্বর কোন কোন ছবি মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে?আনন্দবাজার ডট কম ১)গানমাস্টার জি৯: ইমরান হাশমীর অনুরাগীদের জন্য এ সপ্তাহে বিশেষ আকর্ষণ ‘গানমাস্টার জি৯’। পরিচালনায় আদিত্য দত্ত। মুখ্য চরিত্রে ইমরান হাশমীর সঙ্গে রয়েছেন জেনেলিয়া দেশমুখ এবং অপারশক্তি খুরানা। ছবিতে ঈশ্বর নামের এক চরিত্রে দেখা যাবে ইমরানকে। পেশায় সে এক সাধারণ দুগ্ধখামারের মালিক। কিন্তু প্রিয়জনের জীবন বিপন্ন হতেই বদলে যায় তার জীবন। ভয়ঙ্কর এক দুষ্কৃতী দলের বিরুদ্ধে লড়াইয়ে নামতে হয় তাকে। নিজের অতীতের এক ভয়ঙ্কর সত্তাকে আবার জাগিয়ে তুলতে বাধ্য হয় ঈশ্বর। ছবির অন্যতম আকর্ষণ ইমরান ও সুরকার হিমেশ রেশমিয়ার পুনর্মিলন। প্রায় ১৯ বছর পর পরিচালক আদিত্য দত্ত এবং হিমেশের সঙ্গে আবার এক ছবিতে কাজ করলেন ইমরান। ২) ইয়ে প্রেম মোল লিয়া: প্রেম, বিয়ে আর দুই পরিবারের মনোমালিন্যের গল্প নিয়ে আসছেন পরিচালক সুরজ বড়জাত্যা। ‘ইয়ে প্রেম মোল লিয়া’ ছবিতে জুটি বেঁধেছেন আয়ুষ্মান খুরানা এবং শর্বরী। ছবির গল্পে প্রেম ও পূর্বার সম্পর্ক ঘিরে তৈরি হয়েছে মূল সংঘাত। বিয়ের পরে মেয়েকে শ্বশুরবাড়ি চলে যেতে হবে, এমন চিরাচরিত ধারণায় বিশ্বাসী নয় পূর্বা। পরিবারের সঙ্গে তার গভীর টান। তাই বিয়ের পরেও নিজের বাড়ি ছাড়তে নারাজ সে। শেষ পর্যন্ত দুই পরিবারকে একই ছাদের নীচে রাখার ভাবনা থেকেই শুরু হয় নানা সমস্যা। ছবিতে অনুপম খের, সুপ্রিয়া পাঠক, সীমা পাহওয়া, সৌম্য ট্যান্ডন এবং স্বানন্দ কিরকিরের মতো অভিনেতারাও রয়েছেন। ৩) ইউ ক্যান সি এভরিথিং: এ সপ্তাহের অন্য রকম ছবি ‘ইউ ক্যান সি এভরিথিং’। নাথান ফিল্ডার এবং ল্যান্স ওপেনহাইম পরিচালিত এই পরীক্ষামূলক তথ্যচিত্রের কেন্দ্রে রয়েছেন কুখ্যাত মার্কিন উদ্যোগপতি এলিজ়াবেথ হোমস। একসময় চিকিৎসা পরীক্ষার জগতে বিপ্লব আনার প্রতিশ্রুতি দিয়ে বিপুল অর্থ সংগ্রহ করেছিলেন হোমস। তার সংস্থাকে ঘিরে তৈরি হয়েছিল বিপুল প্রত্যাশা। পরে সেই সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ প্রকাশ্যে আসে। শেষ পর্যন্ত জালিয়াতির মামলায় দোষী সাব্যস্ত হন তিনি। তাকে কেন্দ্র করেই এগিয়েছে ছবির কাহিনি। ব্যক্তিগত জীবন, বিতর্কিত ব্যবসায়িক দিক উঠে আসার সম্ভাবনা রয়েছে এই ছবিতে। ৪)ফকার-ইন-ল: হাসির ছবির অনুরাগীদের জন্য থাকছে ‘ফকার-ইন-ল’। জন হ্যামবুর্গ পরিচালিত এই ছবিতে আবার একসঙ্গে দেখা যাবে বেন স্টিলার এবং রবার্ট ডি নিরোকে। তবে এ বার তাদের সঙ্গে নতুন চমক আরিয়ানা গ্রান্ডে। ‘মিট দ্য পেরেন্টস’ সিরিজ়ের চতুর্থ ছবি এটি। আগের ছবিতে শ্বশুরের সামনে পড়ে নাজেহাল হতে হয়েছিল গ্রেগ ফকারকে। এ বার গল্পের মোড় ঘুরেছে। গ্রেগের ছেলে হেনরি নিজের প্রেমিকা অলিভিয়াকে পরিবারের সঙ্গে পরিচয় করাতে নিয়ে আসে। সেখান থেকেই এগোয় কাহিনি। ৫) পেপার টাইগার: অপরাধ, অর্থ এবং পারিবারিক সম্পর্কের টানাপড়েন নিয়ে তৈরি ‘পেপার টাইগার’। পরিচালনা করেছেন জেমস গ্রে। ছবিতে অভিনয় করেছেন অ্যাডাম ড্রাইভার, মাইলস টেলার এবং স্কারলেট জোহানসন। ১৯৮৬ সালের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে দুই ভাইয়ের গল্প বলা হয়েছে। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখে তারা। সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে তারা বিপাকে জড়াতে থাকে। একটি সিদ্ধান্তই তাদের পরিবারকে বিপদের মুখে ঠেলে দেয়। ৬) নজরবন্দি: রহস্য, সম্পর্কের টানাপড়েন এবং সাইবার অপরাধের গল্প নিয়ে আসছে দেবারতি ভৌমিক পরিচালিত বাংলা ছবি ‘নজরবন্দি’। মুখ্য ভূমিকায় ঋতুপর্ণা সেনগুপ্ত। এ ছাড়াও রয়েছেন পায়েল সরকার, দর্শনা বণিক, রাজনন্দিনী পাল, অনিন্দিতা বসু, দেবলীনা কুমার, লাবণী সরকার এবং চান্দ্রেয়ী ঘোষ। ছবির কেন্দ্রে অনামিকা সেনগুপ্ত নামে এক বিত্তশালী শিল্পী। স্পষ্টবক্তা অনামিকার জীবনে আচমকাই নেমে আসে বিপর্যয়। সাইবার প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের জালে জড়িয়ে পড়ে সে। একের পর এক গোপন তথ্য উঠে আসতে থাকলে বদলে যায় তার পরিচিত জীবন। ছবিটির অন্যতম আকর্ষণ, বাংলা ছবির একাধিক অভিনেত্রীকে একসঙ্গে দেখা যাবে। Post Views: 9 Post navigation গাঁটছড়া বাঁধলেন ঋত্বিক ও দিশা, বর-কনের সাজ থেকে খাওয়াদাওয়ায় বাঙালিয়ানার ছোঁয়া