দিনাজপুর প্রতিনিধি ॥
সোমবার (২৬ অক্টোবর) দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার চৌধুরী গোপালপুর গ্রামে শহীদ রশিদ চৌধুরী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য মরহুম কাজী লুৎফুর রহমান চৌধুরীর স্মৃতি স্মরণে এবং তার পুত্র কাজী ইসমেত চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে ও গাউসুল আযম বিএনএসবি আই হসপিটাল দিনাজপুর সহযোগিতায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ওষুধ প্রদান এবং ছানি রোগীদের অপারেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বিনামূল্যে চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল দিনাজপুর এর কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল কালাম মোহাম্মদ জিয়াউল ইসলাম। বিএনএসবি আই হসপিটালের বিশিষ্ট চিকিৎসক ডাঃ তানজিহুল মোহাম্মদ খান সহ ৮ সদস্য বিশিষ্ট মেডিকেল টিম সারাদিনে প্রায় ৫শতাধিক রোগীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এসময় প্রায় ১১০ জন রোগীকে ছানি অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়। তাদেরকে বিভিন্ন তারিখ অনুযায়ী গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালে বিনামূল্যে ছানি অপারেশন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আব্দুল কালাম মোহাম্মদ জিয়াউল ইসলাম বলেন, চোখ মানুষের অমূল্য সম্পদ। যার চোখ নেই, তার কাছে পৃথিবী অন্ধকার। তাই চোখের নিয়মিত পরিচর্যা করা দরকার এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চোখের যত্ন নেয়া উচিৎ। স্বাগত বক্তব্য রাখতে গিয়ে কাজী ইসমেত চৌধুরী বলেন, আমরা পিতা মরহুম কাজী লুৎফুর রহমান এলাকার মানুষের মাঝে প্রতিনিয়ত সেবা করার স্বপ্ন দেখতেন। তারই আলোকে তিনি জনগণের পাশে থাকতেন। আজকের এই ফ্রি চিকিৎসা ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের কর্মকর্তা মোঃ হামিদুর রহমান।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *