৬,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ যানবাহন জব্দ, মাদক পাচারকারী আটক ১

মোঃ ওয়াহেদুর রহমান,দিনাজপুর প্রতিনিধি।।

সীমান্তে অভিযান চালিয়ে ৬,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ যানবাহন জব্দ এবং একজন মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি। বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) (২৮ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে (২৮ অক্টোবর) আনু: ৮টায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনে দিহানগর বিওপির একটি টহলদল অভিযান পরিচালনা করে। এ সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তে একজন মাদক পাচারকারী একটি ট্রাকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে রাণীশংকৈল থানা হয়ে ঠাকুরগাঁও সদর থানার দিকে আসছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিজিবির টহলদল দ্রুত সম্ভাব্য এলাকায় পৌঁছে কৌশলগত অবস্থান গ্রহণ করে এবং সন্দেহভাজন ট্রাকটির গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে। একপর্যায়ে ট্রাকটিকে থামার সংকেত দেয়া হলে চালক তা অমান্য করে পালানোর চেষ্টা করে। এ সময় অতিদ্রুত বিজিবির টহলদল ট্রাকটিকে ধাওয়া করে ঠাকুরগাঁও সদর থানার রায়পুর ইউনিয়নের ঝাড়পাড়া এলাকায় ৬,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ট্রাক ও একটি মোবাইল ফোনসহ মোঃ সবুজ (৩০), পিতা-মোঃ সহিবর রহমান, থানা-রাণীশংকৈল, জেলা-ঠাকুরগাঁওকে আটক করে। আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট, ট্রাক ও মোবাইল ফোনসহ তাকে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। এসব উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট সহ অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ৭২ লাখ ৭৭ হাজার টাকা। উক্ত অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেছে। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “মাদক চোরাচালান দেশের যুবসমাজের ভবিষ্যৎ ও সামাজিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকিস্বরূপ। মাদকের বিস্তার রোধ এবং এর সঙ্গে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে। মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *