টোকিও :জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে আজ বাংলাদেশ বিজনেস সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (JETRO) এবং জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। দূতাবাসে আয়োজিত এ সেমিনারে জাপানি ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশ নেন।সেমিনারের উদ্বোধনী পর্বে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যের শুরুতে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বের কথা স্মরণ করেন এবং দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রদূত উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে দক্ষিণ এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি এবং বিশ্বমানের অবকাঠামো, বিশেষ অর্থনৈতিক অঞ্চল (EPZ) ও হাইটেক পার্কগুলোর মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় সুযোগ তৈরি করেছে। বিশেষ করে সরকার প্রদত্ত কর অবকাশ সুবিধা, শুল্ক ছাড় এবং শতভাগ পুঁজি প্রত্যাহারের সুবিধার কথা উল্লেখ করে তিনি জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে আরো বৃহৎ পরিসরে বিনিয়োগ করার আহ্বান জানান। রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন যে, জাপানের প্রযুক্তি ও অভিজ্ঞতা এবং বাংলাদেশের বিশাল দক্ষ যুবশক্তির সমন্বয়ে দুই দেশই যৌথভাবে লাভবান হতে পারে।সেমিনারে বাংলাদেশে ব্যবসার উদীয়মান সুযোগ ও সম্ভাবনাগুলোর ওপর দুটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন দূতাবাসের পলিটিক্যাল কাউন্সেলর মুহাম্মদ সফিউল আজম এবং কমার্শিয়াল কাউন্সেলর মোরারজী দেশাই বর্মন। তারা তাদের সুনির্দিষ্ট উপস্থাপনার মাধ্যমে বাংলাদেশের বিনিয়োগ নীতি, কৌশলগত সুবিধা, বিভিন্ন খাতের টেকসই উন্নয়নের চিত্র এবং তৈরি পোশাক শিল্পের পাশাপাশি সম্ভাবনাময় রপ্তানি পণ্য যথা চামড়া ও পাট জাত পণ্য, ফার্মাসিটিক্যালস ও প্লাস্টিক শিল্প বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। বাংলাদেশে সাম্প্রতিক স্থানীয় উন্নয়ন এবং বিনিয়োগের বাস্তব অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন বাংলাদেশ থেকে আগত জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (JBCCI) প্রেসিডেন্ট তারেক রফি ভূঁইয়া জুন। এছাড়াও, বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণের বাস্তব অভিজ্ঞতা থেকে জাপানি প্রযুক্তি খাতে বাংলাদেশি দক্ষ জনশক্তি সম্পৃক্ত হওয়ার সম্ভাবনার বিষয়টি সেমিনারে গুরুত্বের সাথে তুলে ধরেন সান কোং লিমিটেডের (SUN Co., Ltd.) প্রেসিডেন্ট ও সিইও শুম্পেই নাকাসোনে।সেমিনারের শেষে রাষ্ট্রদূতের সাথে উন্মুক্ত আলোচনায় জাপানি ব্যবসায়ী ও উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে আগ্রহ প্রকাশ করেন। সেমিনারটি দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ককে আরো সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়। -ত.বি. Post navigation British Council launches Connections Through Culture 2026 open call to deepen UK-Bangladesh artistic partnerships Argentine Ambassador Calls on Cultural Affairs MinisterFootball and Culture Further Solidify Bangladesh-Argentina Ties