ঢাকা : গ্রাহককেন্দ্রিক ও সম্পর্কভিত্তিক ব্যাংকিং সেবার ক্ষেত্রে এক নতুন মাইলফলক স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক। বাংলাদেশে প্রথমবারের মতো অমনিচ্যানেল ব্যাংকিং অভিজ্ঞতা চালু করেছে ব্যাংকটি। এই যুগান্তকারী উদ্যোগের মাধ্যমে ব্যাংকের প্রথাগত (শাখা/উপশাখা) এবং ডিজিটাল সেবার চ্যানেলগুলোকে একসাথে যুক্ত করা হয়েছে। এর ফলে গ্রাহকরা এখন আরও নিরবচ্ছিন্ন, ধারাবাহিক ও পারসোনালাইজড ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। অমনিচ্যানেল ব্যাংকিং অভিজ্ঞতায় গ্রাহকরা কখন, কোথায় এবং কীভাবে ব্যাংকিং করবেন — সেই বিষয়ে পূর্ণ স্বাধীনতা উপভোগ করবেন। নতুন এই মডেলে ব্যাংকের শাখা, কল সেন্টার এবং ডিজিটাল চ্যানেলগুলোকে একটি সমন্বিত সার্ভিস ইকোসিস্টেমের আওতায় নিয়ে আসা হয়েছে। গ্রাহকরা এখন যেকোনো একটি চ্যানেলে তাদের ব্যাংকিং জার্নি শুরু করে কোনো ঝামেলা ছাড়াই অন্য যেকোনো চ্যানেলে সেটি চালিয়ে যেতে বা শেষ করতে পারবেন। অর্থাৎ, আগের ধাপের কাজ নতুন করে শুরু করার কোনো প্রয়োজন হবে না, যা গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবাকে আরও সহজ, গতিশীল ও সুবিধাজনক করে তুলবে। এই উদ্যোগটি ব্র্যাক ব্যাংকের একটি কৌশলগত পরিবর্তনের প্রতিফলন, যেখানে ব্যাংকটি সাধারণ ট্রানজ্যাকশন-ভিত্তিক ব্যাংকিং থেকে বেরিয়ে রিলেশনশিপ-ভিত্তিক ব্যাংকিংয়ের ওপর জোর দিচ্ছে। আধুনিক প্রযুক্তি, ডেটা অ্যানালিটিক্স এবং ব্যাংক প্রতিনিধির সহায়তার সমন্বয়ে গ্রাহকদের প্রয়োজন আরও ভালোভাবে বোঝা এবং সেই অনুযায়ী সেবা দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। সব চ্যানেলে গ্রাহক তথ্য ও সেবা প্রক্রিয়াকে যুক্ত করার মাধ্যমে ব্র্যাক ব্যাংক ব্যাংকিংকে আরও বেশি গ্রাহককেন্দ্রিক, সহজলভ্য এবং ব্যক্তিচাহিদা উপযোগী করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এই নতুন ব্যবস্থার একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো, যেকোনো মাধ্যমে গ্রাহকের তথ্য ও পূর্ববর্তী যোগাযোগের বিস্তারিত তাৎক্ষণিকভাবে পাওয়া যাবে। এর ফলে ব্যাংকের সেবাপ্রদানকারী কর্মকর্তারা গ্রাহকের আগের কার্যক্রম সম্পর্কে অবগত থাকতে পারবেন এবং গ্রাহকদের আরও নিখুঁত ও দ্রুত সেবা দিতে পারবেন। ১ নভেম্বর ২০২৬ ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অমনিচ্যানেল ব্যাংকিংয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক। এই যুগান্তকারী ব্যাংকিং সেবা সম্পর্কে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান বলেন, “গ্রাহককেন্দ্রিক আর্থিক সেবার ক্ষেত্রে অমনিচ্যানেল ব্যাংকিং দেশের ব্যাংকিং খাতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রূপান্তর। এটি ডিজিটাল সুবিধা এবং মানুষকেন্দ্রিক সেবাকে একই সুতোয় গেঁথেছে। বাংলাদেশের মানুষের প্রয়োজন ও আচরণের সাথে বৈশ্বিক ব্যাংকিংয়ের আধুনিক রীতিনীতির সমন্বয় ঘটিয়ে ব্র্যাক ব্যাংক সেবার মান, সহজলভ্যতা এবং গ্রাহক স্বাধীনতার ক্ষেত্রে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে অঙ্গীকারবদ্ধ। এই উদ্যোগটি সকল সেবার কেন্দ্রে গ্রাহকদের রাখা এবং ব্যাংকিং খাতের ডিজিটাল রূপান্তরকে এগিয়ে নেওয়ার ব্যাপারে আমাদের ব্যক্ত করা প্রতিশ্রুতিরই প্রতিফলন।” ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ব্যাংকিংয়ের ভবিষ্যৎ লুকিয়ে আছে গ্রাহকদের আরও ভালোভাবে বোঝা এবং তাদের ব্যাংকিং অভিজ্ঞতাকে তাদের নিজেদের নিয়ন্ত্রণে রাখার সুবিধার মধ্যে। আধুনিক প্রযুক্তি, ডেটা অ্যানালিটিক্স এবং ব্যক্তিকেন্দ্রিক সহায়তার মেলবন্ধনে আমরা নির্দিষ্ট কোনো চ্যানেলের মধ্যে আবদ্ধ না থেকে গ্রাহকের প্রয়োজন অনুযায়ী একটি সমন্বিত ব্যাংকিং অভিজ্ঞতা তৈরি করছি। আমাদের লক্ষ্য হলো, গ্রাহকদের জন্য ব্যাংকিংকে আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক করার পাশাপাশি গ্রাহকদের সাথে দীর্ঘমেয়াদি আস্থা ও সম্পর্কের ভিতকে আরও মজবুত করা।” ব্র্যাক ব্যাংকের এই অমনিচ্যানেল কৌশলের মূল লক্ষ্য হলো গ্রাহক সম্পৃক্ততা বাড়ানো, সেবাদান প্রক্রিয়াকে উন্নত করা, নতুন গ্রাহক তৈরিতে সহায়তা করা এবং গ্রাহকদের সাথে দীর্ঘমেয়াদি সম্পর্ক স্থাপন করা। সুশাসন, আর্থিক অন্তর্ভুক্তি এবং সেবার শ্রেষ্ঠত্ব বজায় রেখে ব্যাংকিংকে আরও সহজ ও প্রাসঙ্গিক করে তুলতে ব্র্যাক ব্যাংক নিজেদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি অব্যাহত রাখবে। -প্রেস বিজ্ঞপ্তি Post Views: 34 Post navigation প্রাইম ব্যাংক ও ইনডিটেকস সফটওয়্যার-এর মধ্যে পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর