নিউটার্ন প্রতিবেদক : দুবাই থেকে ঢাকায় আসার পর অন্তর্বাসের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে স্বর্ণের পেস্ট বহনের অভিযোগে করা মামলায় দুই চীনা নাগরিকের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে যাওয়া ব্যক্তিরা হলেন- চেন লিউইউন ও মো শিয়াওইউ।২৯ অক্টোবর তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন তাদের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বিমানবন্দর থানার আদালতের সাধারণ নিবন্ধন (জিআর) শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহার থেকে জানা যায়, বুধবার সন্ধ্যা ৬টার দিকে দুবাই থেকে এমিরেটসের ফ্লাইট ইকে-৫৮৬ যোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন ওই দুই যাত্রী। কোনো ব্যাগেজ ঘোষণা না দিয়ে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় কাস্টমসের শিফট-এ ও প্রিভেন্টিভ টিম তাদের জিজ্ঞাসাবাদ করে। পরে তল্লাশি চালিয়ে তাদের পরিহিত জিন্সের প্যান্ট ও অন্তর্বাসের মধ্যে কালো কাপড় দিয়ে সেলাই করে বিশেষ কায়দায় লুকানো নরম হলুদ রঙের পেস্টজাতীয় বস্তু পাওয়া যায়। পরে সংশ্লিষ্ট কাপড় কেটে বস্তুগুলো উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা করে এগুলো ২৪ ক্যারেটের স্বর্ণ বলে নিশ্চিত করা হয়। এজাহারে আরও বলা হয়েছে, দুই আসামির প্রত্যেকের কাছ থেকে আনুমানিক ৬ কেজি করে মোট ১২ কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আসামিদের কাছ থেকে দু’টি মুঠোফোন,পরিহিত প্যান্ট,অন্তর্বাস ও স্কচটেপসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা (প্রিভেন্টিভ) জামিল সারোয়ার আহাদ।নিউটার্ন/এআর Post Views: 7 Post navigation দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: আইরিন খান