মোঃ ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি ॥

দিনাজপুরে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচির সমাপনী ও বৈজ্ঞানিক অধিবেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) জিয়া হার্ট ফাউন্ডেশন ভবনের ৩য় তলার মিলনায়তনে এই জীবনমুখী ও তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম এবং খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতাল, দিনাজপুর যৌথভাবে মাসব্যাপী এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন স্তন ক্যান্সার প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তোলার তাগিদ দেন। তিনি বলেন, স্তন ক্যান্সার চিকিৎসায় প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করা অত্যন্ত জরুরি। সঠিক সময়ে রোগ সনাক্ত হলে নিরাময়ের সম্ভাবনা অনেক বেড়ে যায়। এই রোগ প্রতিরোধে প্রত্যন্ত অঞ্চলের নারীদের সচেতন করার ওপরও তিনি বিশেষ জোর দেন।

সমাপনী ও বৈজ্ঞানিক এই অধিবেশনে সভাপতিত্ব করেন খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতাল দিনাজপুর এর সহ-সভাপতি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এমপি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস,বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. জেদান আল মূসা পিপিএম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

অধিবেশনে বক্তারা বলেন, স্তন ক্যান্সার বিষয়ে নারীদের মনের সামাজিক সংকোচ ও দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সময়ে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। একই সাথে দেশজুড়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং (সনাক্তকরণ) সুবিধা আরও জোরদার করার জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি অধ্যাপক ডা. এএইচ এম শফিকুর রহমান, যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু, ডা. মো. জিয়াউল হক জিয়া, খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতাল দিনাজপুর এর সাধারণ সম্পাদক ও জিয়া হার্ট ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির, জিয়া হার্ট ফাউন্ডেশনের নির্বাহী সদস্য এস এম খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতাল দিনাজপুর এর যুগ্ম সম্পাদক রাহবার কবির পিয়াল।

এরপূর্বে অনুষ্ঠিত বৈজ্ঞানিক অধিবেশনে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকেরা স্তন ক্যান্সারের আধুনিক চিকিৎসা পদ্ধতি, চিকিৎসাবিজ্ঞানের নতুন অগ্রগতি এবং তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির নানাবিধ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সমাপনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসা খাতের বিশেষজ্ঞ, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন স্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মাসব্যাপী এই কর্মসূচির সফল সমাপ্তি স্তন ক্যান্সার প্রতিরোধে প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে নতুন সচেতনতার জোয়ার তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *