৫৫ বছর বয়সী শীতল চন্দ্র দাস ছিলেন অবিবাহিত, বাড়ি গাজীপুর সদর

আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার আটপাড়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শীতল চন্দ্র দাস (৫৫) মারা গেছেন। সোমবার (৯ নভেম্বর ২০২৬) কর্মরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি অবিবাহিত ছিলেন। তার বাড়ি গাজীপুর সদর উপজেলায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল কবীর স্বাক্ষরিত এক শোকবার্তা সূত্রে জানা গেছে, সোমবার কর্মরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শীতল চন্দ্র দাসকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

পরে অ্যাম্বুলেন্সযোগে ময়মনসিংহে নেয়ার পথে তার শারীরিক অবস্থার অবনতি হলে নেত্রকোণা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ১১টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শোকবার্তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল কবীর উল্লেখ করেন, শীতল চন্দ্র দাস চাকরিজীবনে একজন সৎ, দক্ষ, কর্তব্যপরায়ণ ও সদালাপী কর্মকর্তা হিসেবে সকলের কাছে সমাদৃত ছিলেন। তার মৃত্যুতে দেশ একজন দক্ষ ও মেধাবী কর্মকর্তাকে হারাল।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে আটপাড়া উপজেলা প্রশাসন, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও আটপাড়া প্রেসক্লাব। শোক প্রকাশকারীরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সূত্র: উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, আটপাড়া, নেত্রকোণা।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *