মাহমুদুর রহমান(তুরান)(ফরিদপুর):

ফরিদপুর নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করা একটি লোকাল বাসে দুর্বৃত্তদের দেয়া আগুনে ধোঁয়ায় শ্বাসকষ্টে কালাচাঁন শেখ (৩৪) নামের এক বাসের চালক ঘটনাস্থলেই মারা গেছেন। তিনি ফরিদপুর শহরের গোয়ালচামচ এলাকার নুরুদ্দিন শেখের ছেলে।
সোমবার (৯ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে ফরিদপুর শহরস্থ নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিলে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে বাসস্ট্যান্ডে পার্কিং করা লোকাল বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। ওই সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক কালাচাঁন শেখ। আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্ট শুরু হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ বলেন, রাত আনুমানিক ৩টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সাদ্দাম বলেন, রাতে কালাচাঁন শেখ নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মরদেহ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে রাখা আছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *