--আইনমন্ত্রী ঢাকা : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান বলেছেন, সাম্প্রদায়িকতা, বিভাজন ও বিভেদের রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবতা, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, একটা সময় বিএনপি সম্পর্কে সমাজে এমন একটি ধারণা প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছিল যে বিএনপি মানেই সনাতন ধর্মাবলম্বী ও সংখ্যালঘুবিরোধী। কিন্তু সময়ের বিবর্তনে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের চিন্তা ও দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে। তিনি বলেন, তাঁর নির্বাচনি এলাকায় সনাতন ধর্মাবলম্বীরা তাঁকে বিপুলভাবে সমর্থন করেছেন এবং বিএনপিকে ভোট দিয়েছেন। এটি প্রমাণ করে, মানুষ পরিবর্তনশীল এবং মানুষকে প্রগতিশীল চিন্তার দিকে এগিয়ে যেতে হবে। আইনমন্ত্রী বলেন, ভাষার দিক থেকে আমরা বাঙালি, পাসপোর্টের রঙের দিক থেকে আমরা বাংলাদেশি। এই ভূখণ্ডের মানুষ হিসেবে আমাদের প্রত্যেকেরই গর্বিত সন্তান হিসেবে পরিচয় দেওয়ার অধিকার রয়েছে। ধর্মীয় বিশ্বাসের জায়গায় আমাদের পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদের রক্তের রং এক। একই আলো-বাতাসে আমরা বেড়ে উঠি, একই দেশের মাটিতে উৎপাদিত ফসল আমরা সবাই খাই। তাই সবার আগে আমাদের পরিচয়—আমরা বাংলাদেশের মানুষ। মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ ভালো থাকলে, উন্নত হলে, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে থাকলে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ও আইনের শাসন প্রতিষ্ঠিত হলে তার সুফল সবাই ভোগ করবে। ভয়ভীতির সংস্কৃতি দূর করে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। আইনমন্ত্রী বলেন, বাংলাদেশে প্রচার, অপপ্রচার ও নানা ধরনের হাইপ রয়েছে। এসবের বাইরে থেকে দেশের সেবায় যা কিছু করণীয়, সরকার তা-ই করবে। আমরা আইনের পথ ও আইনের শাসনের পথ ধরে এগিয়ে যেতে চাই। এ পথে আমাদের ভুল হতে পারে, আমরা বিভ্রান্ত হতে পারি কিংবা পথ হারাতে পারি। এজন্য সমাজের বুদ্ধিজীবী, চিন্তাবিদ, সাংবাদিক ও জ্ঞানী-গুণী মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা সঠিক তথ্য তুলে ধরে আমাদের ভুল ধরিয়ে দেবেন এবং একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে আমাদের পাশে থাকবেন। তিনি বলেন, আদর্শ ও রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন, সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে বিভাজন ও বিভেদের রাজনীতির ঊর্ধ্বে মানবতাই হবে মানুষের মধ্যে ঐক্যের প্রধান ভিত্তি। জগন্নাথ হলের স্মৃতিচারণ করে আইনমন্ত্রী বলেন, জগন্নাথ হল শুধু শিক্ষার ক্ষেত্রেই নয়, ভদ্রতা, সভ্যতা, নম্রতা ও সংস্কৃতিচর্চার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতির অন্যতম সমৃদ্ধ প্রতিষ্ঠান হিসেবে জগন্নাথ হলের অবদান অনস্বীকার্য। জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী তপন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে হাইকোর্টের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম, জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশিষ পাল, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী নিবাস চন্দ্র মাঝি, বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। -ত/বি. Post Views: 9 Post navigation আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড