মোঃ ওয়াহেদুর রহমান,দিনাজপুর।। দিনাজপুরে বিরল সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ১ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে।শুক্রবার (১৩ নভেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজিবি জানায়,সীমান্তকে মাদক চোরাকারবারিদের অবৈধ কর্মকাণ্ডের ক্ষেত্র হিসেবে ব্যবহারের অপচেষ্টা প্রতিহত করতে কঠোর অবস্থানে রয়েছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। এরই অংশ হিসেবে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে বিরল সীমান্ত থেকে ১ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ( ১২ নভেম্বর) দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)’র অধীনস্থ এনায়েতপুর বিওপির কর্তৃক দিনাজপুর জেলার বিরল উপজেলার সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা পালিয়ে যায়। পরবর্তীতে সন্দেহজনক স্থানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১ লক্ষ ১৫ হাজার টাকা। বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত নেশাজাত ট্যাবলেট বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালানের জড়িত ব্যক্তিদের শনাক্ত ও তাদের অপতৎপরতার নেটওয়ার্ক উদ্ঘাটনে গোয়েন্দা অনুসন্ধান চলছে। এবিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তে মাদক পাচারের প্রতিটি অপচেষ্টা আমাদের কাছে অপরাধ দমনের নতুন চ্যালেঞ্জ। অপরাধীরা যতই কৌশল পরিবর্তন করুক, তাদের তৎপরতা শনাক্ত ও প্রতিহত করতে বিজিবি সক্ষম। আমাদের লক্ষ্য শুধু মাদকদ্রব্য উদ্ধার করা নয়, বরং মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনা এবং এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা। সীমান্তের প্রতিটি ইঞ্চিতে আমাদের সতর্ক দৃষ্টি রয়েছে। Post Views: 11 Post navigation রংপুরে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি পঞ্চগড়ে গণযোগাযোগ অধিদপ্তরের জিপিএমএস কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা