কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়াতে
সাশ্রয়ী ও মানসম্মত শিশুযত্ন জরুরি

সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও মানসম্মত শিশুযত্ন সেবা নারীদের কর্মজীবনে প্রবেশ ও কর্মসংস্থানে টিকে থাকতে সহায়তা করতে পারে। একই সঙ্গে শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার সুযোগ তৈরি করে। শিশুযত্নকে একটি খাত হিসেবে আরও বেশি স্বীকৃতি দেয়া এবং প্রতিটি শিশুর জন্য মানসম্মত যত্ন নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
রাজধানীর বাংলা একাডেমিতে আয়োজিত ‘জাতীয় শিশুযত্ন সম্মেলন ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকরা এসব কথা বলেন। দুই দিনের এই সম্মেলনে নারীর কর্মসংস্থান ও শিশুর বিকাশে চাইল্ড কেয়ারের ভূমিকা নিয়ে আলোচনা হয়। সিনারগোস বাংলাদেশ, ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্ট (বিআইইডি), ব্র্যাক এবং বিশ্বব্যাংক গ্রুপ যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।
শনিবার, ১৪ নভেম্বর, সম্মেলনের প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এই অধিবেশনে আরো উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জঁ পেসমে, ব্র্যাকের উপ-নির্বাহী পরিচালক অরিঞ্জয় ধর, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার, বিআইইডির নির্বাহী পরিচালক ইরাম মরিয়ম এবং সিনারগোস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এষা হোসেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বর্তমান সময়ে শিশুযত্ন একটা বড় ইস্যু। শিশুর যত্ন কে নিয়ে অনিশ্চয়তার কারণে অনেক নারী কাজে যেতে পারছেন না বা কর্মস্থল থেকে ঝরে পরছেন। এখানে রাষ্ট্রের দায়িত্ব সবচেয়ে বেশি। বিদ্যমান শিশু দিবাযত্ন কেন্দ্র আইনে কিছু জটিলতা রয়েছে, সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে আইনে প্রয়োজনীয় সংযোজন-বিয়োজন করা হবে৷

বিএনপি সরকার অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে জাহিদ হোসেন বলেন, সরকারের পক্ষ থেকে কমিউনিটিভিত্তিক শিশুযত্নকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে৷ শিশুযত্ন কেন্দ্র শুধু সেবার বিষয় না, বিনিয়োগ ও কর্মসংস্থানেরও সুযোগ। সরকার এক্ষেত্রে বেসরকারি উদ্যোক্তাদেরও সুবিধা দিবে।

অনুষ্ঠানে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জঁ পেসমে বলেন, বাংলাদেশের উচ্চাভিলাষী লক্ষ্য অর্জনে আরও বেশি কর্মসংস্থান তৈরি করতে হবে। বাড়াতে হবে উৎপাদনশীলতা। দেশের মানবসম্পদের আরও ভালো ব্যবহার নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে নারীদের কেন্দ্রে রাখতে হবে। সাশ্রয়ী ও মানসম্মত চাইল্ড কেয়ার নারীদের কাজে যুক্ত হতে এবং কর্মসংস্থান তৈরিতে সহায়তা করে। পাশাপাশি শিশুদের জীবনের শুরুটা ভালো করতে ভূমিকা রাখে।

ব্র্যাকের উপ-নির্বাহী পরিচালক অরিঞ্জয় ধর বলেন, মানসম্মত শিশুযত্ন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামোর অংশ। শিশুর বিকাশ ও নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার জন্য এটি অপরিহার্য। নারীদের যদি সন্তানদের যত্ন নেয়া আর কাজের মধ্যে একটিকে বেছে নিতে হয়, তাহলে আমরা কখনোই অন্তর্ভুক্তিমূলক ও উৎপাদনশীল অর্থনীতি গড়ে তুলতে পারব না। এ বিষয়ে নীতিগত দিকনির্দেশনা রয়েছে; সবার সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এর কার্যকর বাস্তবায়ন জরুরি বলে তিনি মন্তব্য করেন।

সম্মেলনের আয়োজকরা বলেন, শিশুযত্নকে একটি খাত হিসেবে স্বীকৃতি দেয়ার অর্থ হলো নারীর বেতনভুক্ত ও অবৈতনিক যত্নকাজের মূল্যকে স্বীকৃতি দেয়া। যত্নদাতা ও অন্যান্য অংশীজনের অবদানকে স্বীকৃতি দেয়া। প্রতিটি শিশুর মানসম্মত যত্ন পাওয়ার অধিকারকে স্বীকার করা। একটি শক্তিশালী শিশুযত্ন ইকোসিস্টেম গড়ে তোলা সবার দায়িত্ব। মানের সঙ্গে আপোস না করে সেবার আওতা বাড়াতে সরকার, নিয়োগদাতা, শিশুযত্ন সেবাদাতা, কমিউনিটি ও উন্নয়ন অংশীদারদের একসঙ্গে কাজ করতে হবে।

বৈশ্বিক গবেষণার আলোকে সম্মেলনে শিশুযত্নের সম্ভাব্য তিন ধরনের সুফল তুলে ধরা হয়। সেগুলো হলো নারীর অর্থনৈতিক অংশগ্রহণে সহায়তা, আগামী প্রজন্মকে শক্তিশালী মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখা। এর সুফল নিয়োগদাতারাও পেতে পারেন।

আলোচকরা বলেন, শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ শিশুযত্নের জন্য একটি আইনি ভিত্তি তৈরি করেছে। তবে বাস্তবায়ন, নিয়ন্ত্রণ, অর্থায়ন, জনবল উন্নয়ন, মান নিশ্চিতকরণ এবং সেবা প্রদানের ক্ষেত্রে এখনও বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। বর্তমানে শিশুযত্ন সেবার পরিসর সীমিত। নিম্নআয়ের পরিবারের জন্য অনেক ক্ষেত্রেই তা ব্যয়বহুল। বিশ্বব্যাংক গ্রুপের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, পরিবারগুলো সাশ্রয়ী, কাছাকাছি, বিশ্বাসযোগ্য এবং শিশুদের বিকাশে সহায়ক শিশুযত্ন সেবা গ্রহণে বেশি আগ্রহী।

সম্মেলনের প্রথম দিনে কর্মশালা ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। ‘শিশুর যত্নে ঐক্যবদ্ধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠোনে নীতিনির্ধারক, নিয়োগদাতা, শিশুযত্ন সেবাদাতা ও উদ্যোক্তা, উন্নয়ন অংশীদার, গবেষক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
‎- সংবাদ বিজ্ঞপ্তি

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *