ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতাঃ
নাটোরের বাগাতিপাড়ায় বেকার যুবদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে উপজেলা পর্যায়ে অপ্রাতিষ্ঠানিক (রাজস্ব ভ্রাম্যমাণ) ১৪ দিন মেয়াদি পারিবারিক হাঁস মুরগি পালনের প্রশিক্ষণ শুরু হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) বিকেলে পেড়াবাড়িয়া দাখিল মাদরাসা লাইব্রেরির হল রুমে এই প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়।

উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুস সবুরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ইশরাত জাহান পিয়া।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন, বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক আহবায়ক আমিরুল ইসলাম ও পেড়াবাড়িয়া দাখিল মাদরাসা সুপারিন্টেন্ডেন্ট শামসুল আরেফিন।

অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যে বলেন,গ্রামের নারীরা কেবল গৃহস্থালি কাজের মধ্যেই সীমাবদ্ধ না থেকে অল্প পুঁজিতে হাঁস—মুরগি পালন করে কীভাবে খুব সহজেই নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারেন আমরা সেই পথটিই এ প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করার চেষ্টা করছি। অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি সমাজে নারী নির্যাতন প্রতিরোধে নারীদের সচেতন ও সোচ্চার হতে হবে। একজন সচেতন ও স্বাবলম্বী নারীই পারে তার পরিবার তথা পুরো সমাজকে বদলে দিতে।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য প্রশিক্ষণ সম্পর্কে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, এছাড়াও তিনি আরো বলেন প্রধানমন্ত্রীর দেয়া নির্বাচনী ইশতেহার সম্পর্কে আমরা এই মাদ্রাসাতে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলের প্রোগ্রামে বলেছিলাম বেকারত্ব দূর করার জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে,আমরা সেই ওয়াদা পালনের লক্ষ্যে আজ আপনাদের নিয়ে এই মাদ্রাসার হল রুমে ট্রেনিং এর আয়োজন করেছি,পরবর্তী এমন আরো প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্ব দূর করার লক্ষ্যে কাজ চলমান আছে।

প্রশিক্ষণে অংশ নেয়া নারী সাদিয়া সুলতানা ও মহিমা বেগম তাদের অনুভূতি প্রকাশ করে জানান, এ ধরনের প্রশিক্ষণে আসতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। হাঁস—মুরগি পালনের সঠিক পদ্ধতি ও অল্প পুঁজিতে স্বাবলম্বী হওয়ার এমন অনেক অজানা তথ্য তারা জানতে পারবেন, যা তাদের ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে দারুণভাবে সাহায্য করবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *