ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতাঃ

নাটোরের বাগাতিপাড়ায় জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
গ্রামীণ ব্যাংকের বাঁশবাড়িয়া শাখার ব্যবস্থাপক শফিউল হাসান নৈশপ্রহরীর বরাতে জানান, রাত ২টা ২৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা ব্যাংকের প্রধান ফটকের সামনে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
তিনি বলেন, ঘটনার সময় ব্যাংকের স্টাফরা পাশের কোয়ার্টারে ঘুমিয়ে ছিলেন। বিকট শব্দ শুনে তারা দ্রুত বাইরে এসে আগুন নেভান। এ ঘটনায় কেউ হতাহত হননি। ব্যাংকেরও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস জানান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেপসির বোতলসদৃশ কাঁচের বোতল ও প্লাস্টিকের বোতলে আগুন ধরিয়ে নিক্ষেপ করে। এ সময় দায়িত্বরত নাইট গার্ড বিষয়টি বুঝতে পেরে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সেখান থেকে দুটি কাঁচের বোতল উদ্ধার করে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা সনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।
তিনি আরও জানান, ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *