মোঃ ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি।।

দিনাজপুর সদর উপজেলায় ব্যক্তিমালিকানাধীন স্থাবর সম্পত্তির মৌজা ও শ্রেণিভিত্তিক প্রকৃত বাজারমূল্য নির্ধারণে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় দিনাজপুর সদর উপজেলা অডিটোরিয়ামে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। ‘সম্পত্তির বাজারমূল্য নির্ধারণ বিধিমালা, ২০১০’ (সংশোধিত-২০২৬)-এর বিধি ৪(গ) অনুযায়ী, দিনাজপুর সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের স্থানীয় অধিক্ষেত্রের আওতাভুক্ত সম্পত্তির প্রকৃত বাজারমূল্য নির্ধারণের লক্ষ্যে এ গণশুনানির আয়োজন করা হয়। এ উপলক্ষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি এবং সদর সাব-রেজিস্ট্রারকে সদস্য সচিব করে ৯ সদস্যবিশিষ্ট উপজেলা বাজারমূল্য নির্ধারণ কমিটি গঠন করা হয়। গণশুনানিতে উপস্থিত ছিলেন কমিটির সদস্য সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ শারমিন আখতার, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নীহার রঞ্জন রায় এবং সদস্য সচিব সদর সাব-রেজিস্ট্রার মোঃ নাজমুল হক। গণশুনানিতে দিনাজপুর সদর উপজেলার ১০টি ইউনিয়নের ভূমির মালিকরা অংশ নেন। সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে এ শুনানি চলে। এ সময় কমিটির সদস্য সচিব মোঃ নাজমুল হক শ্রেণিভিত্তিক সম্পত্তির প্রকৃত বাজারমূল্য নির্ধারণের লক্ষ্যে ১০টি ইউনিয়নের ভূমির মালিকদের পৃথকভাবে বক্তব্য শোনেন। এ সময় ভূমির মালিকরা নিজ নিজ মৌজার জমির শতকপ্রতি বর্তমান ক্রয়-বিক্রয় মূল্য সম্পর্কে মতামত তুলে ধরেন। তাদের দেয়া তথ্য ও মতামতের ভিত্তিতে জমির প্রকৃত বাজারমূল্য নির্ধারণের বিষয়টি পর্যালোচনা করা হয়। গণশুনানিতে মোঃ হারুনুর রশিদ, প্রহলাদ চন্দ্র রায়, মোঃ জিল্লুর রহমান, মোঃ আবু তাহের, মোছাঃ রুবিনা আখতার, আব্দুল হামিদ, তাপস চক্রবর্তী ও শাহ্ মোহাম্মদ দোহাসহ ১০টি ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *