হাত-পা ভাঙলে আর চিন্তা থাকবে না। ‘ফ্র্যাকচার’ যতই গভীর হোক না কেন, তাতে মুক্তোর পুট্টির প্রলেপ দিলেই হবে। ঝিনুকের খোলসেই জুড়ে যাবে ভাঙা হাড়। কৃত্রিম প্রতিস্থাপনের দরকারই হবে না। নিউটার্ন ডেস্ক : মুক্তোর গয়না তো পরেন। কিন্তু মুক্তো দিয়ে ভাঙা হাড়ও যে জোড়া যায়, তা জানতেন? হাত-পা ভেঙে গেলে ভাঙা হাড়ে মুক্তোর খোলসের পুট্টির প্রলেপ দিলেই হবে। তাতেই নাকি হাড় জুড়ে যাবে নিজে থেকেই। এ দাবি করেছেন ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার গবেষকরা। তাতে সায় দিয়েছে আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনও (এফডিএ)। হাড়-জোড়ার নতুন পন্থা মনে ধরেছে আমেরিকার গবেষকদেরও। সে দেশে নাকি এমন পুট্টি বনানোর কাজ শুরুও হয়ে গেছে। হাড় নিয়ে ঝক্কি অনেক। ভাঙলে তা জোড়া লাগা চাট্টিখানি কথা নয়। যতদিনে হাড় জুড়বে, রোগীর যন্ত্রণার শেষ থাকবে না। বয়স হলে তো সমস্যা আরও বেশি। তখন ভাঙা হাড় কিছুতেই জুড়তে চায় না। অগত্যা সিন্থেটিক হাড় প্রতিস্থাপন করেই এক প্রকার জোড়াতালি দিতে হয়। হাড়ের ক্ষত বা ফ্র্যাকচার সারানো চিকিৎসাবিজ্ঞানের অন্যতম জটিল অধ্যায়। রোগীর নিজের শরীর থেকে নেয়া হাড় বা কৃত্রিম বিকল্প— প্রতিটি পদ্ধতিতেই থাকে নানা সীমাবদ্ধতা। ফ্র্যাকচারও আবার নানা ধরনের হতে পারে। হাড় পুরোপুরি ভেঙে গেলে ‘কমপ্লিট ফ্র্যাকচার’, তা সারতে বহুদিন সময় লেগে যায়। কখনও ভাঙা হাড় সঠিক পদ্ধতিতে জোড়েও না। আবার শরীরের বাইরে কোনও ক্ষত নেই, ভিতরে ভিতরে হাড় ভেঙে গেলে সেটিকে বলে ‘ক্লোজ়ড ফ্র্যাকচার’। সেটি সারানোও কঠিন ব্যাপার। হাড় যদি দু’টুকরো হয়ে ভেঙে যায়, তা হলে সেটি ‘ডিসপ্লেসড ফ্র্যাকচার’। তখন সেই ভাঙা হাড় মাপে মাপে বসাতে কালঘাম ছুটে যায় চিকিৎসকদের। মুক্তোর পুট্টি নাকি সে কাজই সহজ করবে বলে দাবি করা হয়েছে। মুক্তো দিয়ে কী ভাবে ভাঙা হাড় জুড়বে? হাড় ভাঙুক বা তাতে ফাটল ধরুক, সেই জায়গায় ভাল করে লেপে দিতে হবে মুক্তোর চকচকে খোলস দিয়ে তৈরি পুট্টি। গবেষক মিংহাও ঝেং অস্ট্রেলিয়ার উপকূলে পাওয়া এক বিশেষ ধরনের ঝিনুক পিঙ্কটাডা ম্যাক্সিমার ভিতর জন্মানো মুক্তো থেকে বিশেষ উপায়ে সেই পুট্টি তৈরি করেছেন। গবেষকরা জানিয়েছেন, ঝিনুকের খোলস হল ক্যালশিয়াম কার্বোনেট। আর মানুষের হাড়ে থাকে ক্যালশিয়াম ফসফেট। পুট্টি এমন ভাবে তৈরি হয়েছে, যা মানুষের হাড়ের সংস্পর্শে এলে রাসায়নিক বিক্রিয়া করে ২৪ ঘণ্টার মধ্যেই ক্যালশিয়াম কার্বোনেট থেকে ক্যালশিয়াম ফসফেটে রূপান্তরিত হবে। অর্থাৎ, প্রাকৃতিক ভাবেই ‘বোন গ্রাফটিং’ হবে, যা করতে হিমশিম খেতে হয় চিকিৎসকদের। প্রধানত ফ্র্যাকচার হয় কোনও ট্রমা বা আঘাত থেকে। এতে হয় হাড় সম্পূর্ণ ভাবে ভেঙে যায় অথবা হাড়ের সঙ্গে যে পেশি, লিগামেন্ট জুড়ে থাকে, সেগুলি অনেক সময়ে ছিঁড়ে বেরিয়ে আসে। আবার অস্টিয়োপোরোসিসের মতো রোগ থাকলে হাড় দুর্বল হয়, ফলে ভিতরে ভিতরে হাড়ে চিড় ধরে বা হেয়ারলাইন ফ্র্যাকচার হয়। এমন ক্ষত সারানো সহজ নয়। সে ক্ষেত্রে মুক্তোর খোলসের পুট্টি দিয়ে ভাল কাজ হবে বলে দাবি করেছেন গবেষকরা। হাড়ের অনেক স্তর থাকে। একেবারে বাইরে একটা পর্দা থাকে, যাকে পেরিঅস্টিয়াম বলা হয়, তার পর থাকে কর্টিকল বোন, তার মাঝে থাকে মজ্জা। হাড় যদি থেঁতলে যায় বা দু’টি হাড়ের মধ্যে ফাঁক থাকে, তা ভরাট করতেও এই পুট্টিকে কাজে লাগানো যেতে পারে। সে ক্ষেত্রে হাড়ের পুনর্গঠন নিজে থেকেই হবে। গবেষকেরা বলছেন, মুক্তো দিয়ে তৈরি পুট্টি সব ক্ষেত্রে কার্যকর হলে ভাঙা বা ক্ষতিগ্রস্ত হাড় মেরামত করতে আর দাতার প্রয়োজন হবে না। কৃত্রিম প্রতিস্থাপনেরও প্রয়োজন হবে না। ভাঙা হাত বা পা নিয়ে যিনি দীর্ঘদিন কষ্ট পাচ্ছেন, তাঁর ক্ষেত্রেও পাকাপাকি সমাধানের ব্যবস্থা করা যাবে। রোগীর নিজের শরীরের হাড়ই প্রাকৃতিক উপায়ে পুনর্গঠিত হবে এবং তার স্থায়িত্বও অনেক বাড়বে। Post Views: 10 Post navigation হায়ারের ওয়াশিং মেশিন কিনে বিপাকে গ্রাহক