নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার আটপাড়া উপজেলার নাজিরগঞ্জ এলাকায় মগড়া নদীতে ডিঙ্গি নৌকা থেকে পড়ে আবু হানিফ (৩২) নামের এক কৃষক নিখোঁজ হয়েছেন। ঘটনার পর থেকে এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
শনিবার দুপুরে নাজিরগঞ্জ বাজার সংলগ্ন মগড়া নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আবু হানিফ উপজেলার সোনাজুর গ্রামের ফজলুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা ১২টার দিকে আবু হানিফ নাজিরগঞ্জ বাজার থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে ডিঙ্গি নৌকাযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে অসাবধানতাবশত তিনি নৌকা থেকে নদীতে পড়ে যান।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন উদ্ধার অভিযান শুরু করেন। ইঞ্জিনচালিত নৌকা নিয়ে নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবু হানিফ কিছুদিন ধরে ব্রেইন টিউমারে ভুগছিলেন এবং সম্প্রতি চিকিৎসা শেষে বাড়িতে ফিরে আসেন।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।
আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *