রাজধানীতে প্রাণিপ্রেমীদের সফল ও স্বতঃস্ফূর্ত মানববন্ধনের একদিন পর গুরুত্বপূর্ণ আদালত নির্দেশনা

বেওয়ারিশ কমিউনিটি কুকুর অপসারণ ও স্থানান্তরের বিরুদ্ধে দায়েরকৃত এক জনস্বার্থমূলক রিটের শুনানি শেষে আজ (২১ জুন ২০২৬) বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ (বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ার সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ) একটি রুল জারি করেছেন এবং একই সঙ্গে সিএনভিআর ( CNVR )(Catch-Neuter-Vaccinate-Release) ও Mass Dog Vaccination (MDV) কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, এর মাত্র একদিন আগে, ২০ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে পথকুকুর নিধনের দাবির বিরুদ্ধে এবং প্রাণিকল্যাণ আইন, ২০১৯ বাস্তবায়নের দাবিতে একটি সফল ও স্বতঃস্ফূর্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রাণিকল্যাণকর্মি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, চলচ্চিত্রকর্মি ও সাধারণ নাগরিকসহ প্রায় দেড়শ থেকে দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। সেখানে CNVR কার্যক্রম জোরদার, গণটিকাদান সম্প্রসারণ এবং পথকুকুর নিধন বন্ধের দাবি জানানো হয়।

রিট পিটিশন নং ৬৬৯৯/২০২৬ দায়ের করেন এএলবি অ্যানিমেল শেল্টারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা দীপান্বিতা হৃদি। রিটে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন জনপরিসর থেকে বেওয়ারিশ কমিউনিটি কুকুর অপসারণ, স্থানান্তর ও সরিয়ে নেয়ার কার্যক্রমকে চ্যালেঞ্জ করা হয়।

আদালত রুলে জানতে চেয়েছেন, স্থানীয় সরকার বিভাগের ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখের পরিপত্র এবং প্রাণী কল্যাণ আইন, ২০১৯-এর ধারা ৭(১) ও ১৪-এর পরিপন্থিভাবে পরিচালিত বেওয়ারিশ কুকুর অপসারণ, স্থানান্তর ও সরিয়ে নেয়ার কার্যক্রম কেন বেআইনি, আইনগত কর্তৃত্ববিহীন এবং অকার্যকর ঘোষণা করা হবে না।

একই সঙ্গে আদালত অন্তর্বর্তীকালীন আদেশে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, প্রাণিসম্পদ অধিদপ্তর এবং স্বাস্থ্য অধিদপ্তরকে ৬০ দিনের মধ্যে একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। কমিটিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় Mass Dog Vaccination (MDV) এবং Catch-Neuter-Vaccinate-Release (CNVR) কর্মসূচির সম্ভাব্যতা নিরূপণ করে তা বাস্তবায়ন শুরু করতে এবং নিয়মিত অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।রিটকারীর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোঃ তৌফিকুল ইসলাম খান।

এএলবি অ্যানিমেল শেল্টারের প্রতিষ্ঠাতা দীপান্বিতা হৃদি বলেন, “এটি শুধু প্রাণিকল্যাণ আন্দোলনের জন্য নয়, আইনের শাসন, জনস্বাস্থ্য এবং মানবিক মূল্যবোধের জন্যও একটি গুরুত্বপূর্ণ অর্জন। আদালতের এই আদেশ স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে যে কমিউনিটি কুকুর ব্যবস্থাপনার গ্রহণযোগ্য সমাধান হত্যা নয়, বরং টিকাদান, বন্ধ্যাকরণ এবং মানবিক ব্যবস্থাপনা। যদিও বর্তমান মামলাটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে কেন্দ্র করে, CNVR এবং গণকুকুর টিকাদান কর্মসূচি শুধু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য নয়, বরং সমগ্র বাংলাদেশের জন্য প্রয়োজন এবং তা দেশব্যাপী বাস্তবায়ন করা উচিত।”

গ্রিট ফাউন্ডেশনের পরিচালক নিলুফার ইয়াসমিন টুম্পা বলেন, “গতকালের মানববন্ধনে আমরা যে দাবিগুলো তুলেছিলাম, আজকের আদালতের নির্দেশনা সেগুলোর গুরুত্বকে আরও জোরালোভাবে তুলে ধরেছে। আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত CNVR ও গণটিকাদান কার্যক্রম বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।”

আয়োজকদের মতে, আদালতের এই আদেশ বাংলাদেশে প্রাণিকল্যাণ, জনস্বাস্থ্য এবং মানুষ-পথপ্রাণীর নিরাপদ সহাবস্থান নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

-প্রেস বিজ্ঞপ্তি

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *