ঢাকা : আর্টিস্ট ক্লাবের নিয়মিত সান্ধ্যকালীন সাংস্কৃতিক আয়োজন ‘সন্ধ্যা প্রদীপ’-এর এবারের পর্ব অনুষ্ঠিত হয়েছে গতকাল ৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) রাজধানীর আর্টিস্ট ক্লাব লাউঞ্জে। দেশের জনপ্রিয় আধুনিক গানের দুই নন্দিত শিল্পী রফিকুল আলম ও প্রতিতি বিশ্বাস-এর মনোমুগ্ধকর পরিবেশনায় সঙ্গীতময় হয়ে ওঠে পুরো সন্ধ্যা।

অনুষ্ঠানের শুরুতে প্রতিতি বিশ্বাস তার জনপ্রিয় দশটি গান পরিবেশন করে উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন। এরপর মঞ্চে আসেন বরেণ্য কণ্ঠশিল্পী রফিকুল আলম। তিনি তার জনপ্রিয় দশটি গান পরিবেশন করে দর্শকদের উচ্ছ্বসিত করতালিতে সিক্ত হন। দুই শিল্পীর একের পর এক পরিবেশনায় আর্টিস্ট ক্লাব লাউঞ্জ পরিণত হয় এক প্রাণবন্ত সঙ্গীত আসরে। পরিবেশিত উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে ছিল ‘এক হৃদয়হীনার কাছে হৃদয়ের কী মূল্য আছে’, ‘যেটুকু সময় তুমি থাকো কাছে’, ‘চার দেয়ালের মাঝে আমার বিশাল পৃথিবী’, ‘তোমাকে যেন ভুলে না যাই’ ইত্যাদি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি শিল্পীদের পরিবেশনা উপভোগ করেন এবং দর্শক-শ্রোতাদের আন্তরিক অনুরোধে নিজেও মঞ্চে উঠে দুটি গান পরিবেশন করেন। তার এই আকস্মিক পরিবেশনা অনুষ্ঠানে যোগ করে ভিন্নমাত্রা এবং উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।

অনুষ্ঠানটি প্রাণবন্ত উপস্থাপনায় সঞ্চালনা করেন আর্টিস্ট ক্লাবের সভাপতি ও নন্দিত কণ্ঠশিল্পী সুজিত মুস্তাফা। তার সাবলীল উপস্থাপনা, শিল্পীদের পরিবেশনা এবং দর্শক-শ্রোতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো সন্ধ্যাটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উপভোগ্য।

‘সন্ধ্যা প্রদীপ’ আর্টিস্ট ক্লাবের একটি নিয়মিত সান্ধ্যকালীন সাংস্কৃতিক আয়োজন। দেশের বরেণ্য ও জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে এই আয়োজন সঙ্গীতপ্রেমীদের জন্য এক অনন্য সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানসম্মত সাংস্কৃতিক আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে আর্টিস্ট ক্লাব।
-প্রেস বিজ্ঞপ্তি

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *