ঢাকা : বিশ্ববিদ্যালয়ের গণরুম ও ছাত্ররাজনীতির গল্প নিয়ে তরুণ নির্মাতা আকাশ হক নির্মিত চলচ্চিত্র ‘দ্যা ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল’ নিয়ে গত বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় প্রথম আলো বন্ধুসভা একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করে। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে বন্ধুসভা জাতীয় পর্ষদ, ঢাকা মহানগর ও ঢাকার বিভিন্ন বন্ধুসভার প্রায় ১৫০ জন সদস্য চলচ্চিত্রটি উপভোগ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির নির্মাতা আকাশ হক, নির্বাহী প্রযোজক হাফিজুদ্দিন মুন্না, অভিনেতা দেবদ্যুতি আইচ, রকি খান, লেখক রোনো আনোয়ারসহ চলচ্চিত্রের অন্যান্য কলাকুশলীরা। এছাড়াও উপস্থিত ছিলেন কুল এক্সপোজার-এর প্রধান নির্বাহী এবং অ্যাক্টিভেশন ও পিআর কমিউনিকেশন হেড এরশাদুল হক টিংকু।

আলোচনায় নির্মাতা আকাশ হক জানান, সিনেমাটি নির্মাণের প্রস্তুতি ছিল প্রায় দশ বছরের। শুটিং হয়েছে ৫০-৫৫ দিন এবং সম্পাদনা, ডাবিংসহ অন্যান্য কাজ শেষ করে মুক্তি পেতে সময় লেগেছে প্রায় দেড় থেকে দুই বছর। একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাস্তব অভিজ্ঞতা ও ছাত্রজীবনের নানা দিকই তিনি চলচ্চিত্রটির গল্পে তুলে ধরেছেন।

প্রথম আলো বন্ধুসভা এ বছর ধারাবাহিকভাবে বাংলা চলচ্চিত্র প্রদর্শনী ও রিভিউ প্রতিযোগিতার আয়োজন করছে। এর আগে ‘সাবা’, ‘চক্র-২’ এবং ‘দম’ চলচ্চিত্র প্রদর্শনের পর এবার প্রদর্শিত হলো ‘দ্যা ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল’।

এ বিষয়ে বন্ধুসভা জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক বলেন, “আমরা বাংলা কনটেন্ট সবাইকে দেখাতে চাই এবং বাংলা চলচ্চিত্র দেখার প্রতি উৎসাহিত করতে চাই। এতে ভালো কনটেন্ট নির্মাণে নির্মাতা ও প্রযোজকেরা আরও উৎসাহ পাবেন। আমাদের লক্ষ্য বন্ধুসভার বন্ধুদের মাধ্যমে বাংলা সংস্কৃতি ও বাংলা চলচ্চিত্রকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেয়া।” তিনি এমন একটি গুরুত্বপূর্ণ গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণের জন্য পুরো টিমকে ধন্যবাদ জানান।

প্রদর্শনী শেষে অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর পর্ব। উপস্থিত দর্শকরা পরিচালক, প্রযোজক ও অভিনয়শিল্পীদের সঙ্গে চলচ্চিত্রের অভিনয়, নির্মাণ, চিত্রনাট্য এবং গল্পের পেছনের নানা বিষয় নিয়ে মতবিনিময় করেন।

চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক হাফিজুদ্দিন মুন্না বলেন, “আমরা এখানে আসতে পেরে খুবই গর্বিত। এই সিনেমাটি আরও বেশি মানুষের কাছে পৌঁছাক—এটাই আমাদের প্রত্যাশা। বন্ধুসভার মাধ্যমে এই যাত্রা আরও বিস্তৃত হোক। নির্মাণের শুরু থেকেই প্রথম আলো আমাদের পাশে ছিল, এজন্য আমরা কৃতজ্ঞ।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পর্ষদের উপদেষ্টা মাহবুব পারভেজ, সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি, জাতীয় পর্ষদের সহ-সভাপতি নূর-ই আলম এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক মাহাফুজার রহমান।

প্রদর্শনী শেষে ‘দম’ চলচ্চিত্রের রিভিউ প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বিজয়ীরা হলেন তাইয়্যেবা তাসকিন, সুদীপ্ত কুমার দাস, ফাইজা ইসলাম, নুসরাত জাহান, সামান্তা সিদ্দিক, পলাশ সাহা, ফারজানা ইয়াসমিন, ফয়সাল আহমেদ, মো. সুমন এবং অমিত বণিক।

উল্লেখ্য, ‘দ্যা ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল’ চলচ্চিত্রটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয় ১৬ জানুয়ারি ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। পরে এটি বাংলাদেশ প্যানারোমা বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার অর্জন করে। এছাড়া ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসবে প্রদর্শিত হয়ে হীরালাল সেন পুরস্কার লাভ করে। পরবর্তীতে ১২ জুন স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাসে মুক্তি পায় চলচ্চিত্রটি।

চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাস, আখতারুজ্জামান আজাদ, আবু সায়েদ, ইফাদ হাসান এবং নিলয় বালা। পরিচালনার পাশাপাশি চলচ্চিত্রটির প্রযোজনা, চিত্রনাট্য, সম্পাদনা ও চিত্রগ্রহণের দায়িত্বও পালন করেছেন আকাশ হক।

  • সংবাদ বিজ্ঞপ্তি

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *