দিনাজপুর প্রতিনিধি।।দিনাজপুর শহরের মিশন রোড, ষষ্ঠীতলা, দক্ষিণ বালিয়াডাঙ্গা এলাকার বিভিন্ন গৃহস্থালী বর্জ্য, পরিত্যক্ত আবর্জনা, ময়লা ও নোংরা পানি নিষ্কাশনের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে দীর্ঘদিন ধরে গিরিজা খালটি ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু দীর্ঘ সময় ধরে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের অভাবে খালটিতে বিপুল পরিমাণ বর্জ্য, পলি, কচুরিপানা ও আগাছা জমে পানি প্রবাহ প্রায় সম্পূর্ণভাবে বাধাগ্রস্ত হয়েছে। ফলে খালের বিস্তীর্ণ অংশ প্রায় জঙ্গলে পরিণত হয়েছে এবং জমে থাকা পচনশীল বর্জ্য থেকে নির্গত তীব্র দুর্গন্ধে আশপাশের পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর ও অসহনীয় হয়ে উঠেছে। পানি প্রবাহ ব্যাহত হওয়ার কারণে খালটিতে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে মশা, মাছি, সাপসহ বিভিন্ন ক্ষতিকর পোকামাকড়ের উপদ্রব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে খাল সংলগ্ন এলাকায় সপরিবারে বসবাসরত বিজিবি সদস্য, তাঁদের পরিবারবর্গ, বেসামরিক ব্যক্তিবর্গ, স্থানীয় জনসাধারণ প্রতিনিয়ত চরম ভোগান্তি ও নানাবিধ স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন এবং ম্যালেরিয়া, ডেঙ্গুসহ নানাবিধ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে যা তাদের স্বাভাবিক জীবনযাপন এবং দায়িত্ব পালনে বিরূপ প্রভাব ফেলছে।বিশেষভাবে উল্লেখ্য, খালটির পার্শ্বে শহীদ কর্নেল কুদরত ইলাহী পাবলিক স্কুল এবং কুঠিবাড়ী বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে দুটি শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত। এসব প্রতিষ্ঠানে অধ্যয়নরত কোমলমতি শিক্ষার্থীদের প্রতিদিন দুর্গন্ধ, মশার উপদ্রব ও অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে হচ্ছে। এমন পরিবেশ তাদের শারীরিক সুস্থতা, স্বাভাবিক বিকাশ ও শিক্ষার অনুকূল পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকির সৃষ্টি করছে।এমতাবস্থায় পরিবেশের ভারসাম্য রক্ষা, জনস্বাস্থ্য সুরক্ষা, দুর্গন্ধজনিত ভোগান্তি লাঘব, মশাবাহিত রোগের বিস্তার প্রতিরোধ, পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখা এবং খাল সংলগ্ন এলাকায় বসবাসরত বিজিবি সদস্য, তাদের পরিবারবর্গ, শিক্ষার্থী ও স্থানীয় জনগণের জন্য একটি সুস্থ, নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বিজিবি দিনাজপুর সেক্টর এর উদ্যোগে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর তত্ত্বাবধানে গিরিজা খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কার কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।এই কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসন, দিনাজপুর এবং অন্যান্য দপ্তরের সাথে প্রয়োজনীয় সমন্বয়ে গত ২২ জুলাই ২০২৬ হতে ২৬ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত বিজিবির নিজস্ব জনবল এবং শ্রমিকদের সহায়তায় খালের ময়লা-আবর্জনা, কচুরিপানা ও আগাছা অপসারণসহ ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পরবর্তীতে খালের স্বাভাবিক পানি প্রবাহ পুনঃপ্রতিষ্ঠা, জলাবদ্ধতা নিরসন এবং নাব্যতা বৃদ্ধির লক্ষ্যে গত ২৭ জুলাই ২০২৬ তারিখ হতে অদ্যাবধি পর্যন্ত রোডস এন্ড হাইওয়ে, দিনাজপুর এর একটি এক্সকাভেটর মেশিনের সহায়তায় গিরিজা খালের ড্রেজিং (পুনঃখনন) ও সংস্কার কার্যক্রম চলমান রয়েছে।বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি বলেন, গিরিজা খালটি সম্পূর্ণভাবে পরিষ্কার ও পুনঃখনন সম্পন্ন হলে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক হবে, জলাবদ্ধতা দূর হবে এবং মশা, মাছি, সাপ ও অন্যান্য ক্ষতিকর পোকামাকড়ের উপদ্রব উল্লেখযোগ্যভাবে কমে আসবে। এর ফলে বিদ্যালয়ের শিক্ষার্থী, সপরিবারে বসবাসরত বিজিবি সদস্য ও তাঁদের পরিবারবর্গ এবং স্থানীয় জনগণ স্বাস্থ্যঝুঁকি, দুর্গন্ধ ও পরিবেশগত ভোগান্তি থেকে মুক্তি পাবে। একই সঙ্গে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত হবে, যা সকলের স্বাভাবিক জীবনযাপন ও দায়িত্ব পালনে ইতিবাচক ভূমিকা রাখবে। জনকল্যাণে নিবেদিত বিজিবি ভবিষ্যতেও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য উন্নয়ন এবং জনগণের জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে। Post Views: 27 Post navigation হাতীবান্ধায় ভ্রাম্যমাণ আদালতে অবৈধ চায়না দুয়ারী জাল ও পিরানহা মাছ জব্দ, জরিমানা হাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যূত্থান দিবস-২০২৬’ উদযাপন