যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের র‍্যাডক্লিফ ইনস্টিটিউট ২০২৭–২০২৮ শিক্ষাবর্ষের জন্য আন্তর্জাতিক আবেদনকারীদের কাছ থেকে ফেলোশিপের আবেদন আহ্বান করেছে। নির্বাচিত ফেলোরা নয় মাস হার্ভার্ডে গবেষণা, সৃজনশীল কাজ বা নীতিনির্ধারণী প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন। পাশাপাশি তারা ৭৮ হাজার মার্কিন ডলার স্টাইপেন্ড এবং প্রকল্প ব্যয়ের জন্য অতিরিক্ত ৫ হাজার ডলার পাবেন। প্রয়োজনে আবাসন, স্থানান্তর, স্বাস্থ্যসেবা ও শিশুসেবা বাবদ অতিরিক্ত আর্থিক সহায়তাও দেয়া হতে পারে।

হার্ভার্ড র‍্যাডক্লিফ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশের গবেষক, বিজ্ঞানী, লেখক, সাংবাদিক, শিল্পী, নীতিনির্ধারক এবং সৃজনশীল পেশাজীবীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত ব্যক্তিরা ২০২৭ সালের সেপ্টেম্বর থেকে ২০২৮ সালের মে পর্যন্ত হার্ভার্ডে অবস্থান করে নিজ নিজ প্রকল্পে পূর্ণসময় কাজ করবেন।

ফেলোশিপের আওতায় নির্বাচিতরা পাবেন:

  • ৭৮ হাজার মার্কিন ডলার স্টাইপেন্ড
  • প্রকল্প পরিচালনার জন্য অতিরিক্ত ৫ হাজার ডলার
  • হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও গবেষণা সুবিধা ব্যবহারের সুযোগ
  • ব্যক্তিগত অফিস বা কর্মস্থল
  • যোগ্যতার ভিত্তিতে আবাসন, স্থানান্তর, স্বাস্থ্যসেবা ও শিশুসেবা সহায়তা।

আবেদনকারীদের নিজ নিজ বিষয়ে নির্ধারিত যোগ্যতা পূরণ করতে হবে। মানবিক ও সমাজবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে আবেদনকারীদের সাধারণত ডক্টরেট ডিগ্রি এবং প্রকাশিত গবেষণাকর্ম থাকতে হবে। বিজ্ঞান, প্রকৌশল ও গণিত বিষয়ে আবেদনকারীদের জন্যও গবেষণা প্রকাশনার নির্দিষ্ট শর্ত রয়েছে। বর্তমানে কোনো ডিগ্রি প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন না।

২০২৭–২০২৮ শিক্ষাবর্ষের জন্য আবেদন ইতোমধ্যে শুরু হয়েছে। মানবিক, সমাজবিজ্ঞান, সৃজনশীল শিল্প, নন-ফিকশন ও সাংবাদিকতা বিভাগের আবেদন শেষ হবে ১০ সেপ্টেম্বর ২০২৬ এবং বিজ্ঞান, প্রকৌশল ও গণিত বিভাগের আবেদন গ্রহণ করা হবে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

-সিদ্দিকুর রহমান

সূত্র : সাপ্তাহিক আমেরিকা বাংলা

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *