দিনাজপুর প্রতিনিধি।।দিনাজপুরে থানায় এসে সিআইডি কর্মকর্তা মো. নওয়াবুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে কৃষকদলের সদস্য সচিব মজিবর রহমান মজিবকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মজিবর রহমান মজিবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মজিবুর রহমান মজিব দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা এলাকার শেখ ইসমাইলের ছেলে। এই ঘটনায় কোতয়ালি থানায় মামলা করেছেন সিআইডি কর্মকর্তা মো. নওয়াবুর রহমান। মামলায় অজ্ঞাতনামা দুজনকে আসামি করা হয়েছে। মামলায় উল্লেখ করা হয়েছে, একটি মামলার নথিপত্র সংগ্রহ করতে রোববার রাতে তিনি কোতয়ালী থানায় যান। নথিপত্র সংগ্রহের পর ওসি কক্ষের সামনে একজন ব্যক্তি, ‘ওসি কোথায় আছেন বলে জিজ্ঞাসা করেন।’ জবাবে তিনি নিজের পুলিশ পরিচয় দিয়ে একটি মামলার তদন্তের কাজে থানায় এসেছেন এবং ওসি কোথায় আছেন তা জানেন না বলে জানান। এ সময় ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে একপর্যায়ে অভিযুক্ত মজিবুর রহমান তাকে গালে সজোরে থাপ্পড় মারেন। এতে আকস্মিকভাবে তিনি স্তম্ভিত হয়ে যান। ঘটনার সময় ডিউটি অফিসারের কক্ষে থাকা এসআই (নি.) মো. মানিক রানা, এসআই (নি.) মো. মমিনুর রহমান, কনস্টেবল মো. রফিকুল ইসলামসহ আরো কয়েকজন পুলিশ সদস্য দ্রুত এসে আসামিদের নিবৃত করার চেষ্টা করেন। বিষয়টি থানার ওসিকে জানানো হলে তিনি আসামিকে থানা হেফাজতে রাখার নির্দেশ দেন। এরপর ডিউটি অফিসার মজিবুর রহমানকে হেফাজতে নেন। সিআইডি কর্মকর্তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে এ ঘটনায় মামলা করেন। দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোহাম্মদ নুর নবী জানান, মজিবুর রহমান মজিবকে আদালতে পাঠানো হয়েছে। অপরদিকে সোমবার (১০ আগস্ট ২০২৬) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি, আর্দশ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকান্ডে সরাসরি জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগ ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব মজিবর রহমান মজিবকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে।তার সাথে দলীয় নেতাকর্মিদেরকে কোনরুপ যোগাযোগ না রাখার জন্যও অনুরোধ করা হয়েছে। জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন মর্মে বিজ্ঞপ্তিতে জানানো হয়। দিনাজপুর জেলা বিএনপি প্রচার সম্পাদক বাবু চৌধুরী জানান, কারো ব্যক্তিগত অন্যায়ের দায় দল নেবে না। তাই মজিবর রহমান মজিবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। Post Views: 23 Post navigation এসএসসির ফলে খুলনা সবার শীর্ষে, দ্বিতীয় যশোর—তৃতীয় চুয়াডাঙ্গা