ঢাকা : মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশ ও জাতির সঠিক বিকাশে তরুণ প্রজন্মকে প্রকৃত ইতিহাস নির্মোহভাবে জানতে ও তুলে ধরতে হবে। একইসাথে দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের গড়ে তুলতে শিক্ষাজীবনের প্রতিটি মুহূর্তকে সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজে লাগাতে হবে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল অডিটোরিয়ামে দিনাজপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সংঘ (পূনর্ভবা) আয়োজিত নবীনবরণ এবং কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, যে যে বিষয়েই পড়াশোনা করুক না কেন, সংশ্লিষ্ট বিষয়ে গভীর জ্ঞান ও সর্বোচ্চ দক্ষতা অর্জন করতে হবে। বিশ্বায়নের এই যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের সক্ষমতা বাড়াতে মাতৃভাষা বাংলা ও আন্তর্জাতিক ভাষা ইংরেজির পাশাপাশি একটি তৃতীয় ভাষা আয়ত্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ প্রসঙ্গে মন্ত্রী জাপানিজ, কোরিয়ান, মান্দারিন, অ্যারাবিক কিংবা স্প্যানিশ ভাষার মতো চাহিদাসম্পন্ন ভাষাগুলো শেখার জন্য শিক্ষার্থীদের প্রতি বিশেষ আহ্বান জানান। অনুষ্ঠানে জানানো হয়, এ বছর দিনাজপুর জেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট ৮৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, কোনো শিক্ষার্থী যেন অর্থাভাবে শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে সরকার নানামুখী সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে। এ সময় তিনি মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা নির্বিঘ্ন রাখতে সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ও সুহৃদ ব্যক্তিদেরও এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠানে দিনাজপুর জেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি, তাদের মধ্য হতে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস আল- মামুন, দিনাজপুর জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, পুনর্ভবা’র সভাপতি ও সাধারণ সম্পাদক, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিভিন্ন বর্ষের ও নবভর্তিকৃত শিক্ষার্থীবৃন্দ এবং সংগঠনের সাবেক শিক্ষার্থীবৃন্দ।-ত.বি. Post Views: 11 Post navigation দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক অঙ্গনে সম্মানের সাথে তুলে ধরতে বর্তমান সরকার কাজ করছে সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বয়ে মননশীল সমাজ গঠনের আহবানডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী