ঢাকা :

      বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ১২-১৪ সেপ্টেম্বর ঢাকার নভোথিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’। উদ্ভাবক, শিল্পপ্রতিষ্ঠান, শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট সকল অংশীদারদের এক ছাদের নিচে এনে একটি সমন্বিত উদ্ভাবনী ইকোসিস্টেম গড়ে তোলা এবং দেশের অর্থনীতিকে ‘ট্রিলিয়ন-ডলার’ সমৃদ্ধির দিকে এগিয়ে নেয়াই এ মেলার মূল লক্ষ্য। ‘Innovate to Market’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ মেলার দ্বার উন্মোচন হতে যাচ্ছে।

      আয়োজনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেলার মূল আকর্ষণ ও ফিচারসমূহ হচ্ছে- ১৫০ টিরও অধিক ইনোভেশন শোকেস থাকবে, যেখানে তরুণ ও অভিজ্ঞ উদ্ভাবকদের উদ্ভাবনী প্রযুক্তির মেলবন্ধন ঘটবে। ১৫ টিরও অধিক সেশন ও ডায়ালগে খাত সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিশেষজ্ঞ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে এবং ১টি বিশেষ ইনোভেশন হাব তথা নতুন ধারণা ও প্রযুক্তির কেন্দ্রস্থল হবে এ ইনোভেশন ফেয়ার এছাড়া, ৫০ টিরও অধিক দেশি-বিদেশি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ থাকবে এ মেলায়।

      মেলায় ৫০ টিরও অধিক ইন্ডাস্ট্রি এক্সপার্টস এর উপস্থিতি তথা ইন্ডাস্ট্রি ও অ্যাকাডেমিয়ার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে উপস্থিত থাকবেন অভিজ্ঞ বিশেষজ্ঞরা। এছাড়া, ৫০ টিরও অধিক কর্পোরেট, শিল্প ও বাণিজ্যিক খাতের স্বনামধন্য প্রতিষ্ঠানের সক্রিয় উপস্থিতি থাকবে এ মেলায়।

      ইন্ডিভিজুয়াল/শিক্ষার্থী/গবেষক, বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান, কর্পোরেট/ইন্ডাস্ট্রি/এমএনসি, সরকারি সংস্থা/ আইএনজিও/এনজিও, এসএমই/সার্ভিস প্রোভাইডার, স্টার্ট-আপ/আইডিয়া ইনকিউবেটর এবং গ্রিন এন্টারপ্রেনারদের মেলার প্রদর্শনীতে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ এর বাস্তবায়নকারী সংস্থা হচ্ছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃপক্ষ। মেলার প্রদর্শনীতে অংশ নেওয়ার জন্য নিবন্ধনের শেষ সময় ৩০ আগস্ট। নিবন্ধনের জন্য www.innovationfairbd.org এ ওয়েবসাইটে ভিজিট করতে হবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *