ঢাকা : গ্রাহকদের জন্য ডিজিটাল চ্যানেলের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) যাবতীয় ফি ও ট্যাক্স পরিশোধের সুবিধা নিশ্চিত করতে কর্পোরেশনটির সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।
এই চুক্তির আওতায় ঢাকার বাসিন্দারা এখন থেকে তাদের ট্রেড লাইসেন্স ও নবায়ন ফি, হোল্ডিং ট্যাক্স এবং সম্পত্তি হস্তান্তর ট্যাক্স ব্র্যাক ব্যাংকের মাধ্যমে খুব সহজেই পরিশোধ করতে পারবেন। এই উদ্যোগের ফলে নগরবাসীর জন্য সিটি কর্পোরেশনের যাবতীয় পেমেন্ট আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক হবে।
এই যৌথ উদ্যোগের পরবর্তী ধাপে আগামীতে ব্র্যাক ব্যাংক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে এপিআই কানেক্টিভিটি স্থাপন করবে। এর ফলে ব্যাংকটির ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে গ্রাহকরা সরাসরি ডিজিটাল মাধ্যমেই এই ফি ও ট্যাক্সের অর্থ পরিশোধ করতে পারবেন।
২ সেপ্টেম্বর ২০২৬ ঢাকায় নগর ভবনে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান।
এই যৌথ উদ্যোগের বিষয়ে তারেক রেফাত উল্লাহ খান বলেন, “গ্রাহকদের দৈনন্দিন ব্যাংকিং সেবাকে আরও সহজ ও সুবিধাজনক করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ডিএসসিসি’র সাথে এই পার্টনারশিপের ফলে ঢাকার বাসিন্দারা ডিজিটাল চ্যানেলের মাধ্যমে সিটি কর্পোরেশনের ফি ও ট্যাক্স আরও সহজ ও নির্বিঘ্নে পরিশোধ করতে পারবেন। গ্রাহকদের ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও সহজ করতে আমরা আগামীতেও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে এ ধরনের পার্টনারশিপ অব্যাহত রাখব।”

-প্রেস রিলিজ

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *