ঢাকা : বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর সাথে যৌথ উদ্যোগে নিজেদের ফ্ল্যাগশিপ নারী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি ‘আমরাই তারা’র তিনটি ব্যাচ সফলভাবে সম্পন্ন করেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির এই কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ এবং মৌলভীবাজারের ৯০ জন জন নারী উদ্যোক্তা ব্যবসার বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ে প্রশিক্ষণ লাভ করেছেন।
মে মাসে আয়োজিত তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির প্রতিটি ব্যাচে ৩০ জন করে নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ‘আমরাই তারা’ ব্র্যাক ব্যাংকের একটি ফ্ল্যাগশিপ নারী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি, যা গেটস ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত হচ্ছে। এই কর্মসূচির লক্ষ্য হলো ব্যবহারিক জ্ঞান, মেন্টরশিপ, নেটওয়ার্কিং এবং বাজার-সংযোগের সুযোগ সৃষ্টির মাধ্যমে সারা দেশের নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি করা। নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ এবং নিজ নিজ কমিউনিটিতে অর্থনৈতিক অবদান আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় জ্ঞান, আত্মবিশ্বাস ও উপকরণ প্রদানের মাধ্যমে তাঁদের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করাই এই উদ্যোগের উদ্দেশ্য।
প্রশিক্ষণে ব্যবসা উন্নয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, যেমন- ব্যবসা পরিকল্পনা, আর্থিক ব্যবস্থাপনা, ডিজিটাল সাক্ষরতা, ব্র্যান্ডিং, মার্কেটিং এবং গ্রাহক সম্পৃক্ততা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি অংশগ্রহণকারীরা একে-অন্যের সাথে এবং বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান, যা তাঁদের বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন ও ব্যবসার টেকসই প্রবৃদ্ধির জন্য প্রয়োজনীয় নেটওয়ার্ক গড়ে তুলতে ব্যাপকভাবে সহায়তা করেছে।
ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত কর্মশা্লায় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক এসএমই ডিভিশনের রিজিওনাল হেড (সিলেট) মো. মনিরুল ইসলাম এবং ব্রাহ্মণবাড়িয়ার টেরিটরি ম্যানেজার মো. তাজুল ইসলাম। হবিগঞ্জে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন কটেজ, মাইক্রো অ্যান্ড স্মল বিজনেসের টেরিটরি ম্যানেজার মোহাম্মদ রুকন উদ্দিন। অন্যদিকে মৌলভীবাজারে নারী উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন কটেজ, মাইক্রো অ্যান্ড স্মল বিজনেসের টেরিটরি ম্যানেজার গৌতম দেবনাথ। তাঁরা স্থানীয় পর্যায়ে কাঠামোবদ্ধ উদ্যোক্তা সহায়তার গুরুত্ব তুলে ধরেন।
ব্র্যাক ব্যাংকের কর্মকর্তারা নারীদের অর্থনৈতিক অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে লক্ষ্যভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের ব্যাপারে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তাঁরা উল্লেখ করেন, নারীদের নেতৃত্বে পরিচালিত শক্তিশালী ব্যবসা প্রতিষ্ঠান কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল করার মাধ্যমে বহুমাত্রিক ইতিবাচক প্রভাব সৃষ্টি করে।
‘আমরাই তারা’র মতো উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ব্যাংক দেশের নারী উদ্যোক্তাদের উন্নয়নে বিনিয়োগ অব্যাহত রেখেছে। এমন উদ্যোগ নারীদের উদ্যোক্তা স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে টেকসই ব্যবসায় রূপ দিতে সহায়তার পাশাপাশি তাঁদের অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি হিসেবে গড়ে উঠতে ভূমিকা রাখছে।

-প্রেস রিলিজ

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *