বাংলা একাডেমি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের যুক্ত আয়োজনে আজ ২৭শে জুন ২০২৬ শনিবার সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ৩-এর মাল্টিপারপাস কক্ষে ‘কাজী ইমদাদুল হকের সাহিত্যকর্ম : দিক ও দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত সেমিনারের বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির গ্রন্থাগারিক (চলতি দায়িত্ব) আসাদ আহমেদ। ‘কাজী ইমদাদুল হকের সাহিত্যকর্ম: সাহিত্য,সংস্কৃতি ও ক্ষমতার বিন্যাস’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক অন্তরা বিশ্বাস, ও ‘কাজী ইমদাদুল হকের আবদুল্লাহ্ উপন্যাস: সমাজ মনস্তত্ত্ব’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ড. আসমা ইয়াসমীন রুনা । আলোচনায় অংশগ্রহণ করেন বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক ড. শেখ রজিকুল ইসলাম ও সহযোগী অধ্যাপক ড. ইমরান কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ নুরুন্নবী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুনর রশীদ খান। সভাপতিত্ব করেন বাংলা ডিসিপ্লিনের প্রধান, অধ্যাপক ড. মো. দুলাল হোসেন।
সেমিনারে বক্তারা বলেন, কাজী ইমদাদুল হক বাংলা সাহিত্যের ইতিহাসে এক আলোকোজ্জ্বল অধ্যায়ের নাম। তার ‘আবদুল্লাহ’ উপন্যাস ধারণ করেছে বাংলা মুসলমানের বিশ্বস্ত সমাজচিত্র। কুসংস্কারের আবদ্ধ সমাজকে মুক্তির দিশা দিতে তার সাহিত্যকর্ম পালন করেছে যেন ঐতিহাসিক সাংগঠনিক ভূমিকা। বক্তারা আরও বলেন, কাজী ইমদাদুল হকের সামগ্রিক রচনা পাঠ, অনুধাবন ও তাকে নিয়ে নিবিড় গবেষণার মধ্য দিয়ে আমরা আমাদের বুদ্ধিবৃত্তিক উত্তরাধিকারকে আরও ঋদ্ধ করতে সক্ষম হবো নিঃসন্দেহে।
-প্রেস রিলিজ

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *