জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সাথে জার্মানির সংসদীয় প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত


ঢাকা :
আজ (বৃহস্পতিবার) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সাথে জার্মানির সংসদীয় প্রতিনিধি দলের এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি; কমিটির সদস্য এস কে আজিজুল বারী, এমপি; এ বি এম মোশাররফ হোসেন, এমপি এবং সানজিদা ইসলাম, এমপি ও জার্মানির প্রতিনিধিদল বুন্দেস্ট্যাগ সদস্য মি. নিকলাস কাপের নেতৃত্বে মি. গেরোল্ড ওটেন – বুন্দেসট্যাগ সদস্য , মি. জোহান সাথফ – বুন্দেসট্যাগ সদস্য, মিজ উলে শাউস – বুন্দেসট্যাগ সদস্য এবং ড. রুডিগার লোটজ ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে জার্মানিকে বাংলাদেশের একটি দীর্ঘদিনের বিশ্বস্ত, নির্ভরযোগ্য এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি শীর্ষস্থানীয় অংশীদার রাষ্ট্র হিসেবে উল্লেখ করে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।
বৈঠকে উল্লেখ করা হয়, বাংলাদেশের সাম্প্রতিক গণতান্ত্রিক রূপান্তর দুই দেশের অংশীদারিত্বকে আরও ব্যাপক ও সুদৃঢ় স্তরে উন্নীত করার একটি নতুন সুযোগ তৈরি করেছে। এই লক্ষ্য অর্জনে জার্মানির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে।
বৈঠকে নির্বাচনী প্রক্রিয়ার তথ্য উপাত্ত তুলে ধরে জানানো হয়, দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৭.৭ মিলিয়নেরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা মোট ভোটারের ৬০.২৩ শতাংশ। এছাড়া, নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও অর্থবহ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জাতীয় সংসদে নারীদের জন্য ৫০টি আসন সংরক্ষিত রয়েছে। নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণাঙ্গ নির্বাচনী পর্যবেক্ষণ মিশন (EU EOM) প্রেরণের জন্য ধন্যবাদ জানিয়ে বলা হয়, তাদের চূড়ান্ত প্রতিবেদনের সুপারিশগুলো নির্বাচনী প্রক্রিয়ার সততাকে আরও শক্তিশালী করবে।
সংসদীয় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সংসদীয় প্রতিনিধি দল বিনিময়ের মাধ্যমে জাতীয় সংসদ ও জার্মান বুন্দেসট্যাগের (Bundestag) মধ্যে সংসদীয় কূটনীতি গভীর করার আগ্রহ প্রকাশ করা হয়। এই যোগাযোগকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে উভয় সংসদে ‘বাংলাদেশ-জার্মানি সংসদীয় মৈত্রী গ্রুপ’ গঠনের প্রস্তাব করা হয়।
বাংলাদেশে চলমান রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ কাটিয়ে উঠতে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ সম্পর্কে বৈঠকে আলোচনা করা হয়।
বৈঠকে জার্মানির সংসদীয় প্রতিনিধি দল, বাংলাদেশ জাতীয় সংসদের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Bangladesh Parliament-জাতীয় সংসদ পেজ থেকে

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *