ঢাকা :
বাংলাদেশ-চীন সম্পর্ক আরো জোরদার ও বহুমাত্রিক করার প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
গতকাল রাজধানীর গুলশান ক্লাবে বাংলাদেশ-চীন সাংস্কৃতিক অর্থনৈতিক ও গণসংযোগ কেন্দ্র আয়োজিত ‘চীনের জাতীয় দিবস’ উদ্‌যাপন ও বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, চীন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সাথে চীনের সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দিতেন। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সামনে আরো এগিয়ে নিতে আমরা আগ্রহী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ-চীন সম্পর্ক আরো নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ-চীন সম্পর্ক শক্তিশালী ও নিবিড় করতে চীনের বিদায়ি রাষ্ট্রদূতের ভূমিকা উল্লেখ করে মন্ত্রী বলেন, গত প্রায় চার বছর বাংলাদেশে দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে অব্যাহতভাবে সহযোগিতা করেছেন। তার অবদান বাংলাদেশ-চীন সম্পর্ককে আরো এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বিশেষ অতিথি এবং বাংলাদেশে চীনের বিদায়ি রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
-ত.বি.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *