ঢাকা :
জনগুরুত্বপূর্ণ প্রকল্পগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়ন করার নির্দেশ প্রদান করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সংখ্যক প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগ ও দায়িত্ব বণ্টনের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করার নির্দেশ দেন তিনি।
আজ স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত স্থানীয় সরকার বিভাগের আওতায় ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-তে অন্তর্ভুক্ত, অনুমোদিত (সবুজ পাতায়) ও প্রস্তাবিত নতুন প্রকল্পসমূহের অনুমোদন ও পর্যালোচনা বিষয়ক একটি সভায় তিনি এ গুরুত্বারোপ করেন।
ঢাকার জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ উন্নয়নে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন খালগুলো নিয়মিত পরিষ্কার ও কার্যকর রাখার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। একই সাথে সুয়ারেজ ট্রিটমেন্টের মাধ্যমে পরিশোধিত পানি নদীতে নির্গমনের ব্যবস্থা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি।
সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, সরকারের পরিকল্পনা ও নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিফলন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে থাকতে হবে। ভবিষ্যতের প্রয়োজন বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি ও কার্যকর পরিকল্পনা প্রণয়নের বিষয় উল্লেখ করে তিনি আরো বলেন, একই ধরনের প্রকল্পকে ক্লাস্টারভিত্তিকভাবে সমন্বিত করার মাধ্যমে প্রকল্পের পুনরাবৃত্তি ও ওভারল্যাপ কমানো সম্ভব হবে। এতে সরকারি সম্পদের অপচয় কমার পাশাপাশি প্রকল্পের কার্যকারিতাও বাড়বে।
তিনি বলেন, গুরুত্বপূর্ণ প্রকল্পের মূল উদ্দেশ্য বাস্তবায়নে প্রয়োজন হলে সম্পূরক প্রকল্প গ্রহণ করা যেতে পারে। একই সাথে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সময়সীমা নির্ধারণ করে নিয়মিত অগ্রগতি পর্যালোচনা করার কথা বলেন তিনি। প্রয়োজন অনুযায়ী প্রকল্পের পরিধি পুনর্নির্ধারণ, রি-স্কোপিং ও মার্জারের মাধ্যমে জনস্বার্থসংশ্লিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করার ওপর জোর দেন তিনি।
স্থানীয় সরকার বিভাগের সচিব মো: শহীদুল হাসানের সভাপতিত্বে সভায় পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান কবির আহামদ, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের প্রধান মো: বাবুল মিঞা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো: জামানুর রহমান, ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদসহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তারা/ফোকাল পার্সনরা উপস্থিত ছিলেন।

-ত.বি.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *