ঢাকা :মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, তৃণমূল পর্যায়ে প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবা বিনামূল্যে পৌঁছে দেওয়া বর্তমান সরকারের অন্যতম প্রধান নির্বাচনি অঙ্গীকার। শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনায় নিয়ে কাজ করে যাচ্ছে।আজ রাজধানীর পল্টনে জাতীয় প্রেস ক্লাব-এ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ম্যাব) কর্তৃক আয়োজিত ‘প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের স্বাস্থ্যখাতে ভূমিকা, প্রত্যাশা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ডি-ম্যাব -এর উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের সার্বিক সুস্বাস্থ্য নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। প্রায় ১৮ কোটি জনসংখ্যার এ দেশে বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিপুল সংখ্যক দক্ষ স্বাস্থ্যকর্মী প্রয়োজন। এই বাস্তবতাকে সর্বোচ্চ বিবেচনায় নিয়ে সরকার ইতোমধ্যে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের যুগান্তকারী কার্যক্রম হাতে নিয়েছে। এছাড়া, দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনাকে বিশ্বমানের ও সুসংহত করতে চলতি বাজেটে স্বাস্থ্য খাতে ৬৯ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।মন্ত্রী আরো উল্লেখ করেন, ঐক্য ও পারস্পরিক সংহতি ছাড়া কোনো পেশাগত সমস্যা টেকসইভাবে সমাধান সম্ভব নয়। তিনি সংশ্লিষ্ট সকলকে পেশাগত ঐক্য বজায় রাখার পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে নাগরিক ও পেশাগত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনের আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, সরকারের একার পক্ষে নয়, বরং সকলের সক্রিয় ও দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত হলেই দেশের স্বাস্থ্য ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ডি-ম্যাব-এর উপদেষ্টা বলেন, সাধারণ জনগণের প্রত্যাশা অনুযায়ী মানসম্মত সেবা পৌঁছে দিতে স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। এছাড়া তিনি সংশ্লিষ্ট দপ্তরের শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করেন।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের সরকারিভাবে সৃষ্ট ৩ হাজার ২০০টি শূন্য পদে দ্রুত নিয়োগ ও পদায়নের দাবি যথাযথ কর্তৃপক্ষকে অবহিতকরণ এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। একইসাথে তিনি শুধু সরকারি পর্যায়েই নয়, বেসরকারি স্বাস্থ্যখাতেও যাতে এসব দক্ষ জনশক্তির কর্মসংস্থানের ক্ষেত্র সম্প্রসারিত হয় সে বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।সভায় উপস্থিত ডি-ম্যাবের সদস্যদের পক্ষ থেকে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনায় ৩৫ হাজার বেকার DMF ডিগ্রিধারীদের অগ্রাধিকার প্রদান এবং বর্তমানে প্রায় ৩ হাজার ২০০টি শূন্য পদে দ্রুত পদায়নের জোরালো দাবি জানানো হয়; এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী সকল যৌক্তিক দাবি গুরুত্বের সাথে বিবেচনা করার আশ্বাস প্রদান করেন।ডি-ম্যাব-এর আহ্বায়ক মোঃ শহীদুল্লাহ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।-ত.বি. Post Views: 22 Post navigation সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না— স্বাস্থ্যমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরে ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক