— পার্বত্য মন্ত্রী নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) : পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও টেকসই সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে দলমত ও সম্প্রদায় নির্বিশেষে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু। গতকাল বান্দরবানের সীমান্তঘেঁষা নাইক্ষ্যংছড়ি উপজেলায় তাঁর প্রথম সরকারি সফর উপলক্ষ্যে আয়োজিত সিরিজ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই বার্তা দেন। দিনব্যাপী এ সফরে তিনি উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, ধর্মীয় প্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে পৃথক সভায় মিলিত হন। সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ির সার্বিক অবস্থান বিবেচনা করে মন্ত্রী বলেন, নাইক্ষ্যংছড়ি ভৌগোলিক ও কৌশলগত দিক থেকে অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ একটি এলাকা। এখানকার জননিরাপত্তা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং টেকসই অবকাঠামো গঠনে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের মধ্যে ইস্পাতকঠিন সমন্বয় থাকা চাই। পার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় সামাজিক কাঠামোর কথা উল্লেখ করে সাচিং প্রু আরো যোগ করেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘস্থায়ী শান্তি ও সম্প্রীতি টিকিয়ে রাখতে হলে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখতে হবে। সরকারের মূল লক্ষ্যই হলো উন্নয়নের সুফল প্রতিটি নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, আর এতে সর্বস্তরের সহযোগিতা আবশ্যক। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এনামুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ আইনশৃঙ্খলা সভায় উপস্থিত থেকে মন্ত্রী সীমান্ত নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং চোরাচালান দমনে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের নির্দেশ দেন। সভায় ১১ বিজিবি (নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ফয়জুল করিমসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। -ত.বি. Post Views: 11 Post navigation আটপাড়ায় ভাঙা ঘরে মানবেতর জীবন আলিম উদ্দীনের নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে