লালমনিরহাট :

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, উত্তরাঞ্চলের জেলা লালমনিরহাটের ব্রান্ডিং ফসলে পরিণত হয়েছে ভুট্টা। বর্তমানে এই জেলায় ভুট্টার চাষ বেড়েছে। ভুট্টা এখন জেলার প্রধান অর্থকরী ফসলে পরিণত হয়েছে। ভুট্টা চাষে বদলে গেছে এ অঞ্চলের চাষিদের জীবন। হাসি ফুটেছে তাদের মুখে। এজন্য জেলা শহরের প্রাণকেন্দ্রকে ভুট্টা চত্বর হিসেবে নামকরণ করা হয়েছে। আইকনিক স্থাপত্যশৈলিতে একে সাজানো হবে। ইন্ডিয়া গেইট যেমন দিল্লীর প্রতীক, ফয়সল মসজিদ যেমন ইসলামাবাদের প্রতীক তেমনি ভুট্টা চত্বর হবে লালমনিরহাটের প্রতীক।

আজ লালমনিরহাট শহরে ভুট্টা চত্বরের নির্মাণকাজ উদ্বোধন শেষে সমবেত সকলের উদ্দেশে মন্ত্রী এসব কথা বলেন।

১৯৯১ সাল থেকে জেলার হাতীবান্ধার আবুল কাসেম ভুট্টা চাষ করছেন। ওই সময় ভুট্টার ফলন ছিল কম। তাই চাষিদের আগ্রহ ছিল না। তবে, গত ৩ দশকে সেখানকার দৃশ্য পাল্টে গেছে। ওই গ্রামের সব কৃষক এখন ভুট্টা চাষ করছেন। এখানকার মাটি ভুট্টা চাষের উপযোগী, ফলনও সন্তোষজনক। দামও ভালো পাচ্ছেন কৃষকেরা। ভুট্টাকে ঘিরে এখানে কৃষিভিত্তিক ছোট ছোট শিল্প কারখানা গড়ে উঠছে, যা পিছিয়ে পড়া এ জনপদকে এগিয়ে যাবার স্বপ্ন দেখাচ্ছে।

লালমনিরহাট জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হকসহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
-ত.বি.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *