শেষ ১০ ম্যাচে একটিও অর্ধশতরান করতে পারেননি হরমনপ্রীত। এশিয়া কাপ ও এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হলেও তার ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছে। সেই কারণেই জবাব দিতে চেয়েছিলেন হরমনপ্রীত।

স্পোর্টস ডেস্ক :

কয়েক দিন আগেই সব ফরম্যাট থেকে অধিনায়কত্ব গেছে তার। ভারতের মহিলা ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়কের নেতৃত্ব যাওয়ার নেপথ্যে দায়ী করা হয়েছে তার ব্যাটিং ফর্মকে। সেই কারণেই হয়তো জ়িম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৪১ বলে অপরাজিত ৯১ রানের ইনিংস খেলে নিজের আবেগ ধরে রাখতে পারলেন না তিনি। কেঁদে ফেললেন হরমনপ্রীত।

শেষ ১০ ম্যাচে একটিও অর্ধশতরান করতে পারেননি হরমনপ্রীত। এশিয়া কাপ ও এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হলেও তার ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছে। সেই কারণেই জবাব দিতে চেয়েছিলেন হরমনপ্রীত। সেটা পেরেছেন তিনি।

তৃতীয় ম্যাচে ভারতের ইনিংস শেষ হওয়ার পর ধারাভাষ্যকারদের সঙ্গে কথা বলছিলেন হরমনপ্রীত। তিনি বলেন, “খুব ভাল লাগছে। শুধু নিজের খেলা উপভোগ করতে চেয়েছি। ক্রিজ়ে অনেকটা সময় কাটিয়েছি। সেটাই আসল লক্ষ্য ছিল।”

হরমনপ্রীতের সঙ্গে কথা বলছিলেন ডব্লিউভি রমন। এক সময় ভারতের মহিলা দলের কোচ ছিলেন তিনি। এই ইনিংসের কৃতিত্ব রমনকেও দিয়েছেন হরমন। তিনি বলেন, “আমি নিজের খেলা উপভোগ করছিলাম। যতটা সম্ভব লম্বা ইনিংস খেলতে চাইছিলাম। সেটা করতে পেরেছি। আমার মনে হয়, এর কৃতিত্ব আপনারও প্রাপ্য।”

কেন রমনকে কৃতিত্ব দিয়েছেন, সেই ব্যাখ্যাও করেন হরমন। তিনি বলেন, “যে মুহূর্তে আপনি দলের দায়িত্ব নিয়েছিলেন, বলেছিলেন, ‘যাও, নিজের মনের মতো করে খেলো।’ সেটাই এখন আমি করার চেষ্টা করছি। কারও জন্য নয়, নিজের জন্য খেলছি। ওই পরামর্শের জন্য ধন্যবাদ।”

৯১ রানের ইনিংসে ১০টি চার ও পাঁচটি ছক্কা মেরেছেন হরমনপ্রীত। এশিয়ান গেমসের পর নেটে যে পরিশ্রম তিনি করেছেন, সেই কথাও শুনিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। হরমনপ্রীত বলেন, “এশিয়ান গেমসের পর নেটে অনেকটা সময় কাটিয়েছি। অনেক পরিশ্রম করেছি। হিমাংশু ভাইকে (ব্যাটিং কোচ) ধন্যবাদ দিতে চাই। উনি আমার পিছনে অনেক খেটেছেন।”

এই কথা বলার পরেই হঠাৎ করে থেমে যান হরমন। বোঝা যায়, কেঁদে ফেলেছেন তিনি। কোনওরকমে কান্না চাপার চেষ্টা করছিলেন। তার পর আর বেশি ক্ষণ সেখানে থাকেননি তিনি। দ্রুত চলে যান। বোঝা যাচ্ছিল, গোটা বিশ্বের সামনে এই আবেগ দেখাতে চাইছেন না। সেটা নিজের ব্যাটিংয়ের জন্যই তুলে রাখতে চাইছেন হরমনপ্রীত।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *