মোঃ ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরসহ বিভিন্ন উপজেলায় স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এক বর্ণাঢ্য ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল দিনাজপুর-এর উদ্যোগে ১৩টি উপজেলায় এই বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়, প্রথম দিন বিরামপুরসহ ৭টি উপজেলায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।২৯ ও ৩০ অক্টোবর দুই দিনব্যাপী এই কর্মসূচির সূচনা লগ্নে আয়োজিত গোলাপি সড়ক শোভাযাত্রা’য় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী দেশের বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। গোলাপি সড়ক শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, “স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতা এবং প্রাথমিক লক্ষণসমূহ চিহ্নিত করা অত্যন্ত জরুরি। সঠিক সময়ে রোগ নির্ণয় ও নিয়মিত স্ক্রিনিং করা গেলে এই রোগ থেকে পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব।” লোকলজ্জা ও ভয় দূর করে নারীদের স্বাস্থ্য সচেতন হওয়ার এবং লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান তিনি। ‘জেনে নিন, জেগে উঠুন, স্ক্রিনিং জীবন বাঁচায়’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেন খুরশিদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালের সাধারণ সম্পাদক ও জিয়া হার্ট ফাউন্ডেশন এর কোষাধক্ষ্য মোঃ আনোয়ারুল কবির, খুরশিদ জাহান হক ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালের যুগ্ম সম্পাদক রাহবার কবির পিয়াল, কোষাধক্ষ্য জুলফিকার রহমান বাবু, নির্বাহী সদস্য গোলাম রসুল রকেট, ঢাকা থেকে আগত রোটারিয়ান সৈয়দ আফতাবুজ্জামান, কাজী আব্দুল হালিম প্রমুখ। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে দিনাজপুর জেলার চিরিরবন্দর, পার্বতীপুর, ফুলবাড়ী, বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, হাকিমপুর, বিরল, বোচাগঞ্জ, কাহারোল, বীরগঞ্জ, খানসামা এবং সদর উপজেলাসহ মোট ১৩টি উপজেলায় দুইদিন ব্যাপী এই সচেতনতামূলক ক্যাম্পেইন ও সড়ক শোভাযাত্রা পরিচালিত হচ্ছে। Post Views: 20 Post navigation বদলগাছীতে ১৯শ কেজি সরকারি চাউল আটক দিনাজপুরে আন্তর্জাতিক কেয়ারারস দিবস ২০২৬ উদ্যাপিত