বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কারা বেশি শক্তিশালী, তা নিয়ে শরিকি চোরাস্রোত চলছে উত্তরপ্রদেশে ‘ইন্ডিয়া’র অন্দরে। সমাজবাদী পার্টি বলছে, তারাই পারে বিজেপি-কে হারাতে। আবার কংগ্রেস বলছে, অন্য যে কোনও দলের তুলনায় তারাই বিজেপির বিরুদ্ধে সবচেয়ে ভাল ভাবে লড়তে পারে।

আন্তর্জাতিক ডেস্ক :

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে সমাজবাদী পার্টির সঙ্গে জোটের বিষয়ে আশাবাদী কংগ্রেস। তবে আসন সমঝোতার ক্ষেত্রে একটি ‘সম্মানজনক’ বোঝাপড়া চাইছে তারা। ‘দ্য হিন্দু’কে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন উত্তরপ্রদেশে কংগ্রেসের ইন-চার্জ রাজেন্দ্রপাল গৌতম।আনন্দবাজার ডট কম

৪০৩ আসনের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে ‘ইন্ডিয়া’র দুই শরিকের মধ্যে আসন ভাগাভাগি শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে বিস্তর আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সম্প্রতি বলেছেন, কংগ্রেস তাদের কাছ থেকে ১৮১টি আসন চেয়েছে। যদিও তাতে তারা সম্মত হয়েছেন কি না, সে বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানাননি অখিলেশ। তা নিয়ে ধোঁয়াশা রেখে দিল কংগ্রেসও। ‘দ্য হিন্দু’-র প্রশ্নে এ বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি রাজেন্দ্রপাল। তিনি বলেন, “কোন কোন আসন চাওয়া হয়েছে তা আমি এখনই বলছি না। তবে আমরা ওদের কাছে একটি তালিকা দিয়েছি। আমরা তাদের বোঝানোর চেষ্টা করব। আর তারাও নিশ্চয়ই আমাদের বোঝানোর চেষ্টা করবেন। চূড়ান্ত ফলাফল এই আলোচনার ওপরই নির্ভর করছে।”

কংগ্রেস এবং সমাজবাদী পার্টির মধ্যে এই আসন বোঝাপড়া নিয়ে আলোচনা শুরু হচ্ছে আগামী সপ্তাহ থেকেই। নির্দিষ্ট ভাবে কোনও দিনক্ষণ স্পষ্ট না-করলেও রাজেন্দ্রপাল জানান, সোমবার বিকেলে প্রথম দফার বৈঠকটি হতে পারে। সেখানে প্রিয়ঙ্কা গাঁধী বা়ড্রা, কেসি বেণুগোপাল-সহ কংগ্রেসের অন্য নেতারা থাকতে পারেন।

এর আগে ২০১৭ সালের বিধানসভা ভোটে সমাজবাদী পার্টির সঙ্গে সমঝোতা করে উত্তরপ্রদেশে ১০৫টি আসনে লড়েছিল কংগ্রেস। জিতেছিল মাত্র সাতটিতে। অখিলেশের ঝুলিতে এসেছিল ৪৭টি। ওই বিপর্যয়ের পর দু’দলের গাঁটছড়া ছিন্ন হয়েছিল। এর পর ২০১৯ সালের লোকসভা ভোটে মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টির সঙ্গে আসন সমঝোতা করেও আসন বাড়াতে পারেনি অখিলেশের দল। ২০২২ সালে কংগ্রেস একক ভাবে ৩৯৯টিতে লড়ে জিতেছিল মাত্র দু’টি আসন। সেখানে অখিলেশের দল ৩৪৭টি আসনে লড়ে জিতেছিল ১১১টি আসনে।

কিন্তু ২০২৪ সালের লোকসভা ভোটে জোট গড়ে ভাল ফল করেছে সমাজবাদী পার্টি ও কংগ্রেস। বিজেপি-কে পিছনে ফেলে সে রাজ্যে পয়লা নম্বরে উঠে এসেছে অখিলেশের দল। ৮০টি আসনের মধ্যে ৪৩টিতে জয়ী হয়েছিল এসপি-কংগ্রেস জোট। তবে ‘ইন্ডিয়া’র শরিকি চোরাস্রোত রয়েছে উত্তরপ্রদেশেও। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কারা বেশি শক্তিশালী— কংগ্রেস না সমাজবাদী পার্টি, তা নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে সে রাজ্যের রাজনীতিতে।

সম্প্রতি সমাজবাদী পার্টির সাংসদ ইকরা হাসান মন্তব্য করেন, অখিলেশই বিজেপি-কে হারাতে পারেন। কংগ্রেস নিজের জোরে কিছু করতে পারবে না। তাই রাহুলের দলকে গোটা চল্লিশেকের বেশি আসন ছাড়ার প্রয়োজন নেই। এ অবস্থায় কংগ্রেস কি যে কোনও মূল্যে অখিলেশদের সঙ্গে জোট করতে রাজি হবে? এ প্রশ্নের উত্তরে রাজেন্দ্রপাল বলেন, “বিষয়টা মোটেও তেমন নয়। সমঝোতা যেমনই হোক না কেন, সেটা সম্মানজনক হবে। আমরা আগে দুর্বল ছিলাম। কিন্তু এখন আর দুর্বল নই। বর্তমানে আমাদের দলে দেশের সেরা নেতা রয়েছেন। অন্য যে কোনও দলের তুলনায় আমরাই বিজেপির বিরুদ্ধে সবচেয়ে ভাল ভাবে লড়াই করতে পারি।”

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *