হঠাৎ করেই তাদের দু’টি ব্যবসা বিক্রির সিদ্ধান্তে সবুজ সঙ্কেত দিল দেশের শতাব্দী প্রাচীন ইস্পাত সংস্থা টাটা স্টিল। এর মাধ্যমে ২৮,০০০ কোটি টাকা পেতে চলেছে তারা। আন্তর্জাতিক ডেস্ক : ডামাডোলে জেরবার টাটা পরিবার! তার মধ্যেই এ বার ইস্পাত ব্যবসায় বড়সড় রদবদলের প্রস্তুতি নিচ্ছে দেশের ঐতিহ্যবাহী এই শিল্পগোষ্ঠী। সেই লক্ষ্যে টিউব ও পাইপ এবং টাটা স্টিল কালার্স বিক্রির অনুমোদন দিয়েছে ইস্পাত সংস্থাটির পরিচালন পর্ষদ। এহেন নজিরবিহীন সিদ্ধান্তের জেরে তাদের কোষাগারে ২৮,০০০ কোটি টাকা ঢুকবে বলে জানা যাচ্ছে।আনন্দবাজার ডট কম চলতি বছরের ২২ নভেম্বর টিউব-পাইপ এবং টাটা স্টিল কালার্স বিক্রির সিদ্ধান্তে সিলমোহর দেয় টাটাদের শতাব্দী প্রাচীন ইস্পাত সংস্থার পরিচালন পর্ষদ। ইতিমধ্যেই নথি জমা করে শেয়ারবাজারকে সে কথা জানিয়েছে তারা। দেশের ঐতিহ্যবাহী শিল্পগোষ্ঠীর থেকে এগুলি অধিগ্রহণ করবে এপিএল অ্যাপোলো টিউব্স। দু’টি পর্যায়ে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে বলে জানা গেছে। সূত্রের খবর, প্রথমে টাটা স্টিলের অন্তর্গত টিউব ও পাইপের ব্যবসা কিনে নেবে এপিএল অ্যাপোলো টিউব্স। এর জন্য সর্বোচ্চ ১১,৭০০ কোটি টাকা দিতে রাজি হয়েছে তারা। এ ছাড়া, ১৬,৩০০ কোটি টাকায় ইস্পাত সংস্থাটির আওতাধীন টাটা স্টিল কালার্সের ১০০ শতাংশ অংশীদারি অধিগ্রহণের কথা রয়েছে তাদের। উল্লেখ্য, স্ল্যাম্প সেলের ভিত্তিতে হস্তান্তরিত হবে টিউব-পাইপের ব্যবসা। প্রসঙ্গত, যাবতীয় সম্পদ-সহ চালু প্রতিষ্ঠান হিসেবে এককালীন টাকায় টাটাদের টিউব-পাইপের ব্যবসা অধিগ্রহণ করছে অ্যাপোলো টিউব্স। অর্থনীতির পরিভাষায় একেই বলে স্ল্যাম্প সেল। জামশেদপুর, হোসুর, খোপোলি এবং সাহিবাবাদের উৎপাদন কেন্দ্রগুলি এই হস্তান্তরের অন্তর্ভুক্ত বলে জানা গেছে। এর মধ্যে অবশ্যই আলাদা করে বলতে হবে খোপোলির কথা। খোপোলিতে টাটা স্টিলের দু’টি উৎপাদন কেন্দ্র রয়েছে। কোল্ড-রোলিং এবং সারফেস কোটেড ইস্পাত তৈরির জন্য যা বিখ্যাত। সেগুলিও অধিগ্রহণ করবে অ্যাপোলো টিউব্স। গত আর্থিক বছরে (২০২৫-২৬) এই ব্যবসার বার্ষিক আয়ের পরিমাণ ছিল ১১,৩৭৫ কোটি টাকা, যা দেশের ঐতিহ্যবাহী ইস্পাত সংস্থাটির মোট বার্ষিক আয়ের মাত্র ৪.৯ শতাংশ। চুক্তি অনুযায়ী, দ্বিতীয় পর্যায়ে টাটা স্টিল কালার্স অধিগ্রহণ করবে অ্যাপোলো টিউব্স। গোড়ায় এই সংস্থার নাম রাখা হয় টাটা ব্লুস্কোপ স্টিল। এর ৫০ শতাংশ মালিকানা রয়েছে টাটাদের মূল ইস্পাত সংস্থার হাতে। বাকি ৫০ শতাংশ শেয়ারের মালিক হল টাটা স্টিল ডাউনস্ট্রিম প্রোডাক্টস লিমিটেড (টিএসডিপিএল), যারা আবার মূল ইস্পাত সংস্থাটির সহযোগী প্রতিষ্ঠান। রঙিন প্রলেপযুক্ত ইস্পাত পণ্য উৎপাদনে টাটা স্টিল কালার্সের দেশজোড়া খ্যাতি রয়েছে। সূত্রের খবর, মোট ১৬,৩০০ কোটি টাকায় প্রতিষ্ঠানটির সমস্ত শেয়ার কিনে নেবে এপিএল অ্যাপোলো। এর পর, দু’টি সংস্থার মধ্যে সমান ভাগ করা হবে ওই অর্থ। ফলে, ৮,১৫০ কোটি টাকা পাবে টাটাদের মূল ইস্পাত সংস্থা বা টাটা স্টিল। সমপরিমাণ অর্থ যাবে টিএসডিপিএল-এর পকেটে। গত আর্থিক বছরে (২০২৫-২৬) টাটা স্টিল কালার্সের মোট আয়ের পরিমাণ ছিল ৪,৬৮০ কোটি টাকা। এর জেরে, ৮৫ কোটি টাকায় গিয়ে দাঁড়ায় তাদের নিট মুনাফার অঙ্ক। লাভ করা সত্ত্বেও কেন এই প্রতিষ্ঠানগুলির বিক্রিতে অনুমোদন দিল টাটা স্টিলের পরিচালন পর্ষদ? একে শিল্পগোষ্ঠীটির নিজের পোর্টফোলিও সুসংহত করার প্রচেষ্টা হিসেবেই দেখছেন আর্থিক বিশ্লেষকদের একাংশ। সাম্প্রতিক অতীতে আরও অত্যাধুনিক ইস্পাত বানানোর দিকে নজর দিয়েছে টাটা স্টিল। পাশাপাশি, উচ্চ মূল্যের ইস্পাত বিভাগে নিজেদের উপস্থিতি জোরাল করতে চাইছে তারা। আর্থিক বিশ্লেষকদের দাবি, দু’টি ব্যবসা বিক্রির মাধ্যমে নগদ অর্থের পরিমাণ বাড়িয়ে নিতে পারবে শতাব্দী প্রাচীন এই শিল্পগোষ্ঠী। পরে, সেই টাকাই লগ্নি হবে গবেষণা-সহ অন্যান্য খাতে। অন্য দিকে, সংশ্লিষ্ট অধিগ্রহণে এপিএল অ্যাপোলোর লাভও নেহাত কম হচ্ছে না। বলা বাহুল্য, টাটাদের দু’টি প্রতিষ্ঠান হাতে পেলে উৎপাদন ক্ষমতা ও সরবরাহ-শৃঙ্খল বাড়ানোর সুযোগ পাবে তারা। পাশাপাশি, ইস্পাতের টিউব, পাইপ এবং রং করা পণ্যের বাজারে নিজের অবস্থান আরও মজবুত করার সুযোগও পাবে ওই প্রতিষ্ঠান। এক কথায় ব্যবসা সম্প্রসারিত হবে তাদের। লক্ষ্যণীয় বিষয়, টিউব, পাইপ এবং রং করা পণ্য উৎপাদনের মূল কাঁচামাল হল ইস্পাত। আর তাই, এত দিন ‘ডাউনস্ট্রিম ইউনিট’ হিসেবে এই ব্যবসাগুলি চালাচ্ছিল টাটা গোষ্ঠী। তবে, এর জন্য আলাদা উৎপাদন কেন্দ্র, সরবরাহ-শৃঙ্খল এবং গ্রাহক প্রয়োজন। বিশ্লেষকদের অনুমান, এপিএল অ্যাপোলোর কাছে সেগুলি হস্তান্তরের মাধ্যমে সর্বোচ্চ মূল্য সংগ্রহ করতে চলেছে টাটা স্টিল। বিষয়টি নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন কর্পোরেট গভর্নেন্স বিশেষজ্ঞ কৃষ্ণ আইয়ার। এনডিটিভি-কে তিনি বলেন, ‘‘মনে রাখতে হবে টিউব ও পাইপের ব্যবসায় এপিএল অ্যাপোলোর যথেষ্ট নামডাক রয়েছে। টাটাদের ব্যবসা আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে তাদের, যার মূল লক্ষ্যই হবে, ইস্পাতের পণ্য উৎপাদন এবং তা বাজারে বিতরণ।’’ এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, এক সঙ্গে সম্পন্ন হবে উভয় লেনদেন। টাটা স্টিল ও এপিএল অ্যাপোলোর ঐক্যমতের ভিত্তিতে সেটি ২০২৮ সালের ৩১ মার্চ বা তার আগে হতে চলেছে বলে মনে করা হচ্ছে। তবে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ ব্যাপারে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। ফলে, তারিখ কিছুটা আগুপিছু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না সংশ্লিষ্ট অনেকেই। বর্তমানে ১৬০ টাকার আশপাশে ঘোরাফেরা করছে টাটা স্টিলের শেয়ার। শেষ পাঁচ বছরে এতে ৪৫.৩৩ শতাংশের রিটার্ন পেয়েছেন লগ্নিকারীরা। তবে, গত এক বছর, ছ’মাস বা এক মাসে নিম্নমুখী থেকেছে এর সূচক। দু’টি ব্যবসা বিক্রির খবর প্রকাশ্যে আসার পর স্টকের দরে গতি কতটা পরিবর্তিত হয়, সেটাই এখন দেখার। অন্য দিকে, এপিএল অ্যাপোলো টিউবের শেয়ারদর ১,৭১০ টাকার আশপাশে ঘোরাফেরা করছে। শেষ পাঁচ বছরে প্রায় ৯৩ শতাংশের মুনাফা করেছেন এর লগ্নিকারীরা। টাটা স্টিলের মতোই শেষ এক বছর, ছ’মাস বা এক মাসে নিচে পড়ে আছে সূচক। ব্যবসা বৃদ্ধির খবরে ফের তাদের স্টক ঊর্ধ্বমুখি হতে চলেছে বলে মনে করছেন আর্থিক বিশ্লেষকদের একাংশ। Post Views: 7 Post navigation ‘সম্পর্ক মেরামতে’ নেপালকে ১৬০ কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিল ভারত