বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী

ঢাকা :

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সৃজনশীল অর্থনীতি ও রিভার্স ব্রেইন ড্রেইন-এর মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি দেশের শিল্প-সংস্কৃতিকে অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড় করানো, সৃজনশীল অর্থনীতির বিকাশ এবং প্রবাসীদের দেশে ফিরে এসে উন্নয়নে সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

আজ রাজধানীর হোটেল ওয়েস্টিনের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডস ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্রিয়েটিভ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতি নামে একটি প্রকল্প হাতে নিচ্ছে, যার মাধ্যমে শিল্প ও সংস্কৃতিকে অর্থমূল্যে রূপান্তর করা হবে। তিনি উল্লেখ করেন, দেশের শিল্পীরা ছবি আঁকলেও প্রায়ই ন্যায্য মূল্য পান না এবং এটি অর্থনীতিতে কাঙ্ক্ষিত মাত্রায় অবদান রাখতে পারছে না। একজন অর্থনীতিবিদ ও নীতিনির্ধারক হিসেবে শিল্পকলা, ভাস্কর্য, কারুশিল্প, থিয়েটার, সংগীত, সাহিত্য ও চলচ্চিত্রকে কীভাবে অর্থনৈতিকভাবে লাভজনক ও টেকসই করা যায়, তা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, শিল্পকর্মের যথাযথ মূল্যায়ন ও মানসম্মত প্রকাশনা জরুরি। পাশাপাশি শিল্প সমালোচক তৈরি এবং দেশে শিল্পকর্মের নিলাম চালুর ওপর গুরুত্ব দেন। ঢাকায় একটি ভালো থিয়েটার চালুর পরিকল্পনার কথাও তুলে ধরে তিনি বলেন, সৃজনশীল অর্থনীতির এই যাত্রায় যুক্তরাষ্ট্রসহ যেসব দেশ এ খাতে সফল, তাদের সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফ জহিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং বাংলাদেশে মার্কিন দূতাবাসের পরিচালক (জনসংযোগ), SCOTT HARTMAN.
-ত.বি.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *