-- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সিলেট, ১২ অগ্রহায়ণ (২৭ নভেম্বর): সিলেটের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার প্রত্যয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘রিয়ার এডমিরাল মাহবুব আলী খান (এম এ খান) স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। আজ সিলেট জেলা স্টেডিয়ামে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির প্রধান অতিথি; শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রধান বক্তা; পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিশেষ অতিথি এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী এবং বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানকে সিলেটের একজন কৃতী ও গর্বিত সন্তান হিসেবে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি দেশের স্বার্থে এবং তরুণ প্রজন্মকে সুস্থ, সক্রিয় ও মাদকমুক্ত রাখতে খেলাধুলার অপরিসীম গুরুত্বের কথা তুলে ধরেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, এই টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে সিলেটের ঐতিহ্যবাহী ফুটবল এবং সামগ্রিক ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য ফিরে আসবে এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে। সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য এম এ মালিক ও অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। Post Views: 27 Post navigation ডিজিটাল ও ইংরেজি শিক্ষায় জোর দিলেন পার্বত্য মন্ত্রী