নিউটার্ন আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাজান তেল পরিশোধনাগারে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চালানো এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, জাজান পরিশোধনাগারটি হুথিদের হামলার শিকার হয়েছে। তবে হামলায় ঠিক কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, কিংবা এতে কোনো হতাহত বা স্থাপনার কী পরমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

বেসামরিক নাগরিক ও স্থাপনাকে লক্ষ্য করে চালানো এসব হামলার কঠোর সামরিক জবাব দেওয়া হবে বলেও বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করেন আল-মালিকি।

এর আগে বৃহস্পতিবার দিনের শুরুতে জাজান অঞ্চলে সম্ভাব্য বিপদের সংকেত দিয়ে স্বল্প সময়ের জন্য সতর্কতা জারি করেছিল সৌদি আরবের সিভিল ডিফেন্স। এর আগের দিন বুধবারও জাজানে হামলা চালিয়েছিল হুথিরা, তবে সেটি প্রতিহত করার দাবি করেছিল সৌদি জোট। কিন্তু বৃহস্পতিবারের হামলায় সরাসরি পরিশোধনাগারটি আক্রান্ত হলো।

হুথি ও সৌদি জোটের মধ্যে চলমান উত্তেজনা ‍বৃদ্ধির মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।

উল্লেখ্য, ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানাসহ দেশের বিভিন্ন অংশের নিয়ন্ত্রণ নেয় হুথি বিদ্রোহীরা। এরপর ২০১৫ সাল থেকে ইয়েমেন সরকারের সমর্থনে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। দীর্ঘ সাত বছরের সংঘাতের পর ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে চলতি বছরের জুলাইয়ে সেই যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর- বিশেষ করে সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি জোটের হামলার পর থেকে- দুই পক্ষের মধ্যে নতুন করে সংঘাত ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
তথ্যসূত্র: আল-জাজিরা
নিউটার্ন/এআর

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *