স্পোর্টস ডেস্ক :

বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনা-মিশর ম্যাচে বিতর্ক তৈরি হওয়া রেফারিং নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও অপমানজনক মন্তব্যের পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন তিনি।

ম্যাচে ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধে মিশরের একটি গোল ফাউলের কারণে ভিএআরের সহায়তায় বাতিল করার সিদ্ধান্তকে কেন্দ্র করে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।

ম্যাচ শেষে মিশরের খেলোয়াড় ও কোচিং স্টাফ রেফারির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান। পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও লেতেক্সিয়েরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন অসংখ্য সমর্থক। আফ্রিকান ফুটবল সাংবাদিক মিকি জুনিয়রের দাবি, প্রথমে নিজের পোস্টে মন্তব্য সীমিত করার পর শেষপর্যন্ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই নিষ্ক্রিয় করে দেন এই ফরাসি রেফারি।

এদিকে মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবু রিদা লেতেক্সিয়ের ও তার সহকারী রেফারিদের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছেন বলে জানা গেছে। একই সঙ্গে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো থেকে লেতেক্সিয়েরকে অপসারণেরও অনুরোধ জানিয়েছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *