স্পোর্টস ডেস্ক :

বিশ্বকাপ জয়ের রাতেই ইতিহাসে নতুন রেকর্ড গড়ল স্পেন। আর্জেন্টিনাকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়নের মুকুট জয়ের পাশাপাশি পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৮ ম্যাচ অপরাজিত থেকে নতুন বিশ্বরেকর্ড গড়েছে লা রোহা।

২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে টানা ৩৭ আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত থেকে বিশ্বরেকর্ড গড়েছিল ইতালি। ওই সময়েই ইউরো ২০২০ এর ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতে আজ্জুরিরা। বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ইতালির সেই রেকর্ড স্পর্শ করে স্পেন। এরপর ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে ৩৮তম অপরাজিত ম্যাচের মাধ্যমে এককভাবে নতুন রেকর্ড দলটির।

শুধু তাই নয়, এবারের বিশ্বকাপে সাতটি ক্লিন শিট রেখে নতুন নজিরও স্পেনের। বিশ্বকাপের পুরো আসরে মাত্র একটি গোল হজম করে শিরোপা জেতা প্রথম দল এখন লা রোহারা।

স্পেনের জন্য দীর্ঘ অপরাজিত থাকার ইতিহাস অবশ্য নতুন নয়। ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে টানা ৩৫ ম্যাচ হারেনি তারা। সেই সময়ই জিতেছিল ইউরো ২০০৮-এর শিরোপা।

বর্তমান অপরাজিত এই যাত্রা শুরু হয়েছিল ২০২৪ সালে কলম্বিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে হারের পর। এরপর আর কোনো ম্যাচে ৯০ মিনিট বা অতিরিক্ত সময়ে হারেনি স্পেন। যদিও নেশন্স লিগের ফাইনালে পর্তুগালের কাছে টাইব্রেকারে হেরেছিল তারা। তবে আনুষ্ঠানিক পরিসংখ্যানে টাইব্রেকারের হারকে ড্র হিসেবে গণ্য করা হয়। তাই অপরাজিত থাকার ধারাবাহিকতায় প্রভাব পড়েনি।

এই ৩৮ ম্যাচের অপরাজিত যাত্রায় রয়েছে স্পেনের ইউরো ২০২৪ জয়ের অভিযান এবং সদ্য শেষ হওয়া ২০২৬ বিশ্বকাপ জয়ের গৌরবগাঁথা।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *