দিনাজপুর প্রতিনিধি।।দারিদ্র্য অনেক সময় মানুষের চোখের আলোও কেড়ে নিতে চায়। অর্থের অভাবে বছরের পর বছর ঝাপসা পৃথিবী দেখেই জীবন কাটান অসংখ্য মানুষ। কিন্তু সেই অন্ধকার ভেদ করে আশার প্রদীপ জ্বালাতে দিনাজপুরের কাঞ্চন কলোনিতে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী মানবিক চক্ষু শিবির, যেখানে বস্তিবাসীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনসহ চোখের বিভিন্ন রোগের চিকিৎসার ব্যবস্থা।১ আগস্ট ২০২৬ শনিবার সকাল থেকে দিনব্যাপী জেলা শহরের কাঞ্চন কলোনী এলাকায় এই বিনামূল্যের চক্ষু শিবিরের আয়োজন করে আল ইহসান যুব সংঘ। শুরু থেকেই নারী, পুরুষ ও প্রবীণদের দীর্ঘ সারিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। কারও চোখে ছিল ঝাপসা আলো ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা, আবার কারও মনে ছিল নতুন করে পৃথিবীকে স্পষ্টভাবে দেখার স্বপ্ন।আয়োজকরা জানান, বিভিন্ন স্থানে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন হলেও বস্তিবাসীরা নানা কারণে সেই সেবা থেকে প্রায়ই বঞ্চিত হন। এই বাস্তবতা বিবেচনায় নিয়েই শুধু বস্তিবাসীদের জন্য বিশেষ এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখানে বিনামূল্যে ছানি অপারেশনের পাশাপাশি চোখের বিভিন্ন রোগের চিকিৎসা, প্রয়োজনীয় পরামর্শ, ওষুধ এবং রোগীদের জন্য বিশেষ উপহারও প্রদান করা হচ্ছে।আয়োজকদের ভাষ্য, দিনব্যাপী পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনসহ বিভিন্ন চক্ষুরোগের চিকিৎসাসেবা দেয়া হবে। মানবিক এই কার্যক্রমকে ধারাবাহিক করতে এখন থেকে প্রতি মাসে দুই থেকে তিনটি চক্ষু শিবির আয়োজনের পরিকল্পনাও রয়েছে।বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক, দক্ষ নার্স ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে পরিচালিত এই চিকিৎসা কার্যক্রম শুধু স্বাস্থ্যসেবাই নয়, অসহায় মানুষের জীবনে নতুন আশার আলো ছড়িয়ে দিয়েছে। যাদের কাছে চিকিৎসা একসময় ছিল অধরা, তাদের জন্য এই উদ্যোগ যেন অন্ধকার ভেদ করে ফিরে পাওয়া আলোর এক অনন্য উপহার। Post Views: 23 Post navigation দীপশিখার বাস্তবায়নে প্রতিবন্ধী শিশু-যুব পূর্ণবাসন সেবা কেন্দ্র উদ্বোধন