দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরল উপজেলায় বিবাহবিচ্ছেদের প্রায় দুই মাস পর সাবেক স্বামীর ছোড়া পেট্রোলে দগ্ধ হয়ে দুই সন্তানের জননী সুমাইয়া আক্তার শ্যামলী (২৫) নিহত হয়েছেন। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত সাবেক স্বামী মাহবুবুর রহমান (৫১)কে আটক করেছে বিরল থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিরল উপজেলার ৭ নম্বর বিজোড়া ইউনিয়নের বিজোড়া (সুতারপাড়া) গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে সুমাইয়া আক্তার শ্যামলীর সঙ্গে রংপুর কোতোয়ালি থানার লালবাগ এলাকার স্থায়ী বাসিন্দা এবং বিরল উপজেলার দোগাছী (বুধারপাড়া) গ্রামের অস্থায়ী বাসিন্দা মৃত সফি উদ্দীনের ছেলে মাহবুবুর রহমানের প্রায় দুই মাস আগে বিবাহবিচ্ছেদ হয়।

অভিযোগ রয়েছে, শনিবার (১ আগস্ট) রাত প্রায় ১১টার দিকে মাহবুবুর রহমান জোরপূর্বক সাবেক স্ত্রীর বাবার বাড়িতে প্রবেশ করে তার শরীরে পেট্রোল ঢেলে লাইটারের সাহায্যে আগুন ধরিয়ে দেন। শ্যামলীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

গুরুতর দগ্ধ অবস্থায় শ্যামলীকে প্রথমে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথে তার মৃত্যু হয়। পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বিরল থানা পুলিশ জানায়, রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত মাহবুবুর রহমানকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের, ময়নাতদন্ত এবং আটক ব্যক্তিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *