স্পোর্টস ডেস্ক :

ব্রাজিলিয়ান ইউএফসি ফাইটার অ্যালান নাসিমেন্তো আর নেই। রিংয়ে ‘পুরো ওসো’ নামে পরিচিত এই মিক্সড মার্শাল আর্টস ফাইটার ৩৪ বছর বয়সে মারা গেছেন।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৩ আগস্ট) রাতে ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
খবর পেয়ে দ্রুত চিকিৎসক দল ঘটনাস্থলে পৌঁছালেও অ্যালানকে বাঁচানো সম্ভব হয়নি।

সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা প্রকাশ করে ইউএফসি ব্রাজিলও তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
ইউএফসি ব্রাজিলের বিবৃতিতে বলা হয়েছে, ‘এই কঠিন সময়ে অ্যালানের পরিবার, বন্ধু, সহযোদ্ধা এবং ভালোবাসার মানুষদের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল।’

শারীরিক গড়নের কারণে অনুশীলনের সঙ্গীরা অ্যালানকে ‘পুরো ওসো’, অর্থাৎ ‘পিওর বোন’ নামে ডাকতেন।

মাত্র ১৫ বছর বয়সে শখের বশে মুয়ে থাই দিয়ে লড়াইয়ের জগতে পা রাখেন তিনি।
পেশাদার এমএমএ ক্যারিয়ারে ২৯টি লড়াই করে ২২টিতে জয় পেয়েছেন অ্যালান, হেরেছেন ৭টিতে। সর্বশেষ গত ২০ জুন ইউএফসি ভেগাস ১১৯-এ মিচ রাপোশোর বিপক্ষে লড়াই করেন তিনি।

ফ্লাইওয়েট বিভাগে লড়াই করা অ্যালান ২০২১ সাল থেকে বিশ্বের সবচেয়ে বড় এমএমএ মঞ্চ ইউএফসির সঙ্গে যুক্ত ছিলেন। সাও পাওলোতে জন্ম নেয়া এই ফাইটার ব্রাজিলিয়ান জিউ-জিৎসুতে ব্ল্যাক বেল্টধারী ছিলেন। প্রতিপক্ষকে সাবমিশনে হারানোর দক্ষতার জন্যও তার আলাদা পরিচিতি ছিল।

ঐতিহ্যবাহী ‘শুটে বক্সে’ অনুশীলন করতেন অ্যালান। সেখানে ইউএফসির সাবেক চ্যাম্পিয়ন ও ব্রাজিলিয়ান তারকা চার্লস অলিভেইরার সঙ্গেও নিয়মিত অনুশীলন করেছেন তিনি।

অ্যালানের আকস্মিক মৃত্যুতে ব্রাজিলের মার্শাল আর্ট অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘদিনের সতীর্থ ও সাবেক ইউএফসি চ্যাম্পিয়ন চার্লস অলিভেইরা সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে অনুশীলন ও লড়াইয়ের ছবি এবং ভিডিও প্রকাশ করে আবেগঘন বার্তা দিয়েছেন।

তিনি লিখেছেন, ‘আজ লড়াইয়ের কারণে পাওয়া এক ভাইকে হারালাম। ম্যাটে এবং রিংয়ের কর্নারে সবসময় সঙ্গে থাকার জন্য এবং অনুপ্রেরণাদায়ক কথার জন্য ধন্যবাদ। অনুশীলনে, লড়াইয়ে আর খুনসুটিতে তোমাকে পাশে পাওয়ার জন্য আমি কৃতজ্ঞ। তোমায় ভালোবাসি, ভাই। তুমি অসাধারণ ছিলে।’

আরেক এমএমএ ফাইটার মার্কো তুলিও ‘মাতুতো’ অ্যালানকে অনুকরণীয় ক্রীড়াবিদ ও মানুষ হিসেবে স্মরণ করে লিখেছেন, ‘তার রেখে যাওয়া লেগাসি অনেক বড়।’

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *